এইচপির ব্যাটিং কোচ হান্নান সরকার

ব্যাট-প্যাড তুলে রাখার পর পেশা হিসেবে কোচিংকে বেছে নিতে চেয়েছিলেন হান্নান সরকার। কোচদের লেভেল-২ কোর্সও সম্পন্ন করেছেন। তারপর কোচ হওয়ার স্বপ্নের বিরতি দিয়ে হয়ে যান নির্বাচক। বয়সভিত্তিক দলের খেলোয়াড়দের বাছাই করাই হয়ে যায় তার কাজ। তবে ৭ বছর পর আবারও জাগ্রত হয়েছে সেই স্বপ্ন। জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার এবার এইচপির ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন।

রাজশাহীতে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিটের ক্যাম্প শুরু হয়েছে। প্রধান কোচ ডেভিড হ্যাম্পের অধীনের কোচিং প্যানেল আগেই ঠিক করা হয়েছিল। তবে রাখা হয়নি কোনো ব্যাটিং কোচের পদ। সেটা সামলাচ্ছিলেন হ্যাম্প নিজেই। এবার সেই জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন ৪০ বছর বয়সী হান্নান। ইতোমধ্যে দলের সঙ্গে যোগ দিয়ে কাজও শুরু করে দিয়েছেন হান্নান।

বিষয়টি নিজেই নিশ্চিত করে হান্নান সরকার দেশ রূপান্তরকে বলেন, ‘আগামী জুলাইতে দক্ষিণ আফ্রিকা সিরিজ আছে অনূর্ধ্ব-১৯ দলের। তারপর লম্বা একটা সময় বিরতি আছে। এই সময়টা আমি কাজে লাগাতে চাই। তাছাড়া আমার আসলে কোচিংয়ের আগ্রহ আগে থেকেই ছিল। বিসিবিকেও আমার আগ্রহের কথা জানিয়েছিলাম। তাই এবার যখন সুযোগ এসেছে এইচপিতে কাজ করার, আমি সেই সুযোগটি সাদরে গ্রহণ করেছি।’

বর্তমানে অনূর্ধ্ব-১৯ দলের নির্বাচক হিসেবে কাজ করছেন হান্নান সরকার। আগামী বছরের শুরুতে হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। কোচিং ও নির্বাচক একসঙ্গে দুই দায়িত্ব কীভাবে সামলাবেন হান্নান!

এ বিষয়ে জানতে চাইলে সাবেক এই ক্রিকেটার বলেন, ‘আমি আপাতত জানুয়ারিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ পর্যন্ত নির্বাচকের দায়িত্ব পালন করার পরিকল্পনা করেছি। তারপর বিসিবি আমাকে কোচ হিসেবে ট্রান্সফার করবে নাকি নির্বাচক হিসেবে রেখে দেবে সেটা আমি নিশ্চিত নই। তবে ভবিষ্যতে কোচ হওয়ার পরিকল্পনা আছে। এটাই বেশি উপভোগ করি।’

ক্রিকেটে লম্বা ক্যারিয়ারের ভাবনায় কোচিংকেই বেশি প্রাধান্য দিচ্ছেন বাংলাদেশের হয়ে ১৭টি টেস্ট ও ২০টি একদিনের ম্যাচ খেলা সাবেক এই ব্যাটসম্যান, ‘কোচিং তো চাইলে আমি ৫০-৬০ বছরও করাতে পারব। লম্বা ক্যারিয়ার হবে।’

আপাতত নতুন দায়িত্ব পেয়ে দারুণ খুশি জানিয়ে হান্নান বলেন, ‘আমি খুবই রোমাঞ্চিত এইচপি দলের সঙ্গে ব্যাটিং কোচ হিসেবে কাজ করার সুযোগ পেয়ে। আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব।’ ২০১১ সালে কোচিংয়ে লেভেল-২ শেষ করেছেন হান্নান। সামনে সুযোগ এলে লেভেল-৩ করতে চান তিনি।