রাজধানীতে পুলিশের ‘উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন’ কার্যালয়ের ছাদে দৃষ্টিনন্দন বাগান করে বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার পাচ্ছেন পুলিশ কর্মকর্তা হামিদা পারভীন পিপিএম। ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসের অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার হাতে এই পদক তুলে দেওয়ার কথা রয়েছে। বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০২১-এর জন্য তিনি তার ছাদবাগানের সচিত্র তথ্য দিয়ে আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে বিভিন্ন ধাপে যাচাই-বাছাই, বন বিভাগের বিভিন্ন কমিটির পর্যায়ক্রমে সরেজমিনে পরিদর্শন শেষে ‘বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০২১’র ঙ-শ্রেণিতে বাড়ির ছাদে বাগান সৃজন (ব্যক্তি/প্রতিষ্ঠান) ক্যাটাগরিতে হামিদা পারভীনের ছাদবাগান প্রথম স্থান অর্জন করে।
উল্লেখ্য, বর্তমানে হামিদা পারভীন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনারের (প্রোটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) দায়িত্ব পালন করছেন। এর আগে ২০১৯-২২ পর্যন্ত দায়িত্ব পালন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনে। ২০১৯ সালে তিনি উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের উপকমিশনারের দায়িত্ব পান।