সোনার বাংলা নার্সেস অ্যাসোসিয়েশনের দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন আলমগীর কবীর রানা এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন। গতকাল শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) মিলনায়তনে সংগঠনের কেন্দ্রীয় সংসদের ত্রি-বার্ষিক সম্মেলনে ১৭ জনের কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন রিন্টু শিকদার। সম্মেলনে কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা পেশেন্ট কেয়ার টেকনোলজিকে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারির সমতুল্য করে গেজেট প্রকাশ করায় সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে সরকারের যুগান্তকারী এই সিদ্ধান্ত আনার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখায় সংগঠনের পক্ষ থেকে পাঁচজনকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিতরা হলেন বঙ্গবন্ধু হিউম্যান ওয়েলফেয়ার কাউন্সিলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল হক, স্বাধীনতা ডিপ্লোমা ফিজিওথেরাপিস্ট পরিষদের সভাপতি এম কে পারভেজ, বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্স (বিএমটিএ) আহ্বায়ক ইলিয়াস মোল্লা ইলু, বিএমটিএর সদস্য সচিব শামীম শাহ এবং বিএমটিএর যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল স্বপন। সম্মেলনে পাঁচ শতাধিক নার্স উপস্থিত ছিলেন।