ধানমন্ডি লেকে এবার মিলল কিশোরের মরদেহ

এক মাসের ব্যবধানে রাজধানীর ধানমন্ডি লেক থেকে ফের মরদেহ উদ্ধার হয়েছে। গতকাল শনিবার সকালে অজ্ঞাত পরিচয় এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায়।

এর আগে গত ৮ মে নিখোঁজের একদিন পর ধানমন্ডি লেক থেকে এ বি ইমতিয়াজ আহমেদ খিলজি (৫৭) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কর্মকর্তা ছিলেন বলে জানায় পুলিশ।

ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, খবর পেয়ে শনিবার (গতকাল) সকালে ধানমন্ডি সাত নম্বর রোডের শেষ মাথায় বাইতুল আমান জামে মসজিদ সংলগ্ন লেক থেকে পানিতে ভাসমান অবস্থায় ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত তার নাম পরিচয়-জানা যায়নি।

রায়েরবাজার বধ্যভূমির লেক থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার : রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকার লেক থেকে অজ্ঞাতপরিচয়ের দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের বয়স ৭ থেকে ৮ বছর। তারা গোসল করতে নেমে ডুবে মারা গেছে বলে ধারণা পুলিশের।