ভারতের নতুন সংসদ ভবনে চলতি সপ্তাহে ‘অখণ্ড ভারত’ মানচিত্রের ম্যুরাল স্থাপন নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) দৃষ্টি আকৃষ্ট হয়েছে। গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওই ম্যুরাল স্থাপনের প্রতিবাদ জানিয়েছে দলটি। এদিকে গতকাল আলাদা বিবৃতিতে ওই ম্যুরাল স্থাপনে ক্ষোভ প্রকাশ করে নিন্দা জানিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।
সিপিবি সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, আফগানিস্তান, মিয়ানমারসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশকে অঙ্গীভূত করে ভারত সরকারের ভিস্তা প্রকল্পের আওতায় ভারতের নতুন সংসদ ভবনে চলতি সপ্তাহে তথাকথিত অখণ্ড ভারতের মানচিত্রের ম্যুরাল স্থাপনের যে খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তাতে সিপিবির দৃষ্টি আকৃষ্ট হয়েছে। ভারত সরকার কর্র্তৃক স্থাপিত এই ম্যুরাল বাংলাদেশের সার্বভৌমত্ব ও আত্মমর্যাদার প্রতি এক অবমাননাকর দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ। ভারতের বর্তমান সরকারের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, আপত্তিকর এবং বিভ্রান্তিমূলক মানচিত্রের এই ম্যুরাল স্থাপনে সিপিবি তীব্র প্রতিবাদ জানাচ্ছে। একই সঙ্গে অবিলম্বে এটি অপসারণের দাবি জানাচ্ছে।’