জ্লাতান ইব্রাহিমোভিচের বয়স ৪১। রাতে মৌসুমের শেষ ম্যাচের পর এসি মিলান ছাড়বেন সুইডিশ এ ফরোয়ার্ড। হেয়াস ভেরোনার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজের এসি মিলান অধ্যায়ের ইতি টানবেন ইব্রা। মিলানের জন্য গুরুত্বহীন হলেও ইব্রার কারণে এখন বিশেষ গুরুত্ব পাচ্ছে ম্যাচটি।
মিলান এক বিবৃতিতে জানায়, ‘রবিবার মৌসুমের শেষ ম্যাচের পর এসি মিলান জ্লাতান ইব্রাহিমোভিচকে বিদায় জানাবে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের মাধ্যমে।’ তবে নিজের বিদায়ী ম্যাচে ইব্রার মাঠে নামার সম্ভাবনা নিয়ে আছে শঙ্কা। চোটের কারণে গত এপ্রিল থেকেই মাঠের বাইরে আছেন সুইডিশ ফরোয়ার্ড।
ইব্রা প্রথম মিলানে যোগ দিয়েছিলেন ২০১০ সালে, বার্সেলোনা থেকে ধারে। মেয়াদ শেষ হওয়ার পর পাকাপাকি ইতালীয় ক্লাবে যোগ দেন তিনি। খেলেছেন মাত্র এক মৌসুম। এরপর যোগ দেন তিনি পিএসজি। সেখানে চার বছর খেলার পর ম্যানচেস্টার ইউনাইটেড, ২০১৮ সালে লস অ্যাঞ্জেলেস, ২০২০ সালে আবার মিলানে ফেরেন তিনি। সব মিলিয়ে তিন দফায় ১৬৩ ম্যাচে ৯৩ গোল করেছেন ইব্রা। অ্যাসিস্ট ৩৫। পিএসজিতেই সবচে বেশি ম্যাচ খেলেছেন দীর্ঘদেহী ফরোয়ার্ড। ১৮০ ম্যাচে সেখানে গোল করেছেন ১৫৬টি। সব মিলিয়ে ক্লাব ক্যারিয়ারে ৮১৯ ম্যাচে গোল তার ৪৯৩।
এছাড়া ইন্তার মিলান ও জুভেন্তাসের হয়েও ইতালিয় লিগ খেলেছেন ইব্রা। শোনা যাচ্ছে মিলানের সাবেক মালিক বার্লুসকোনির নতুন দল মোনজায় যোগ দিতে পারেন তিনি। বিদায়ী মৌসুমেই প্রথমবার সিরি আ'তে খেললো দলটি।