গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আজমত উল্লা খান

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ (গাউক)-এর চেয়ারম্যান পদে তিন বছরের জন্য চুক্তি ভিত্তিক নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট আজমত উল্লা খান।

রবিবার (৪ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২০ অনুযায়ী চেয়ারম্যান পদে তাকে নিয়োগ প্রদান করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে অ্যাডভোকেট আজমত উল্লা খানের এই নিয়োগ কার্যকর হবে। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন অনুযায়ী নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

২০২২ সালের নভেম্বরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন নতুন এ সংস্থা গঠিত হয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আদলে। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হওয়ার পর থেকে সরকারের যুগ্ম সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তবে জনবলের অভাবে সংস্থাটির তেমন কোনো কার্যক্রম চোখে পড়েনি।

উল্লেখ্য, গত ২৫ মে অনুষ্ঠিত গাজীপুর সিটি নির্বাচনের ভোটে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুনের কাছে ১৬ হাজারের বেশি ভোটের ব্যবধানে হারেন নৌকার প্রার্থী আজমত উল্লা।