হোমনায় স্কুলছাত্র হত্যায় পাঁচজনের মৃত্যুদন্ড

কুমিল্লার হোমনায় স্কুলছাত্র আশিক হত্যা মামলার রায়ে পাঁচজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড এবং দুজনকে সাত বছর করে কারাদ- দেওয়া হয়েছে। গতকাল রবিবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

নিহত আশিকুর উপজেলার আসাদপুর গ্রামের হারুন মিয়ার ছেলে এবং দুলালপুর চন্দ্রমণি বহুমুখী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

ফাঁসির দন্ডপ্রাপ্তরা হলেন শাহীন মিয়া, সুজন মিয়া, সোহেল মিয়া, আল আমিন ও মো. সোহাগ। এদের মধ্যে সোহেল মিয়া ছাড়া বাকি সবাই পলাতক। সাত বছর করে কারাদন্ডপ্রাপ্তরা হলেন আকিমুল হক মধু ও আবদুর রহমান। রায়ে সোহেল নামে অপর একজনকে বেকসুর খালাস দেওয়া হয়।

মামলার বিবরণে জানা যায়, কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুর এলাকায় ২০১২ সালের ২০ সেপ্টেম্বর আশিককে তার সহপাঠী সুজনসহ আরও কয়েকজন ডেকে নিয়ে যায়। পরে চার দিন নিখোঁজ থাকার পর একটি নির্জন জায়গা থেকে তার গলাকাটা মৃতদেহ উদ্ধার করে পুলিশ।