সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, ‘সন্ত্রাসীদের যেখানে গোপন ঘাঁটি বা কার্যক্রম পরিচালনা করার জন্য যে প্রশিক্ষণ কেন্দ্র পাচ্ছি সেগুলো আমরা দখল করছি। তাদের মূল ঘাঁটি দখল করেছি। তাদের মূল প্রশিক্ষণ কেন্দ্রও দখল করেছি। তারা এখন এই এলাকায় নেই। তবে জনগণের সঙ্গে মিশে কিছু কিছু আছে তারা। তারা বাংলাদেশের জনগণ, তারা দেশের শত্রু হোক তা আমরা কখনো চাই না। বাংলাদেশের জনগণ দেশের ভেতরেই থাকবে, আর্থসামাজিক উন্নয়নে তারা ভূমিকা রাখবেÑ এটাই আমাদের কাম্য।’
গতকাল রবিবার বান্দরবান রিজিয়ন পরিদর্শন ও কুশলাদি বিনিময় শেষে দুপুরে বান্দরবান সেনানিবাসে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে সেনাপ্রধান এসব কথা বলেন।
সন্ত্রাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘দেশের ক্ষতি করছে, দেশের জনগণের ক্ষতি করছে সেটাকে রোধ করতে গিয়ে আমাদের একটু শক্ত অবস্থান যেতে হলে আমরা অবশ্যই যাব। আমরা শান্তিপূর্ণভাবে সমাধান চাই। মরণকামড় কেউ দিলে আমরা তা প্রতিহত করব।’