কোরবানির ঈদকে সামনে রেখে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামের কৃষক সুব্রত সাহা সাড়ে ৩ বছর ধরে লালন পালন করে আসছেন ফিজিশিয়ান জাতের ষাঁড়টিকে। আধর করে যার নাম রেখেছেন সাধু।
মানিকগঞ্জ প্রাণী সম্পদ অফিসের দাবি সাধু বাংলাদেশের সবচেয়ে বেশি ওজনের ষাঁড়। কোরবানি উপলক্ষে বিক্রি করতে সুব্রত সাহা এর দাম হাঁকাচ্ছেন ১২ লাখ টাকা।
সাড়ে তিন বছরে গরুটির পেছনে সুব্রতের খরচ হয়েছে প্রায় ৮ লাখ টাকা। সাধুকে দেখতে দুর দুরান্ত থেকে প্রতিদিন শত শত মানুষ ভিড় করছেন।
সাটুরিয়া উপজেলা প্রাণী সম্পদ অফিস জানিয়েছে, প্রতিবছর সাটুরিয়ার পশুর দেশের বিভিন্ন হাটে ব্যাপক চাহিদা রয়েছে। গত ৬-৭ বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা ফেলেছে এখানকার কৃষকদের খামারের গরু। এর ধারাবাহিকতায় চলতি বছরও দেশের সবচেয়ে বড় কোরবানির পশু হচ্ছে সাধু। সাধুর উচ্চতা সাড়ে ৬ ফুট ও লম্বায় ৮ ফুট। ওজন আনুমানিক ২৫ থেকে ২৮ মণ হবে।
কৃষক সুব্রত সাহা বলেন, সাড়ে তিন বছর ধরে নিজের সন্তানের মতো যত্ন নিচ্ছি সাধুর। গরুটি শান্ত ও ঠান্ডা হওয়ায় ওর নাম দিয়েছি সাধু। সাধু বলে ডাকলেই সে সায় দেয়। সাধুর খাদ্য তালিকায় রয়েছে, ধানের কুড়া, ভুসি, চিঁড়া, ধান, ভূট্রা, কাঁচা ঘাস, কলা, মালটা, লেবু, মিষ্টি আলু ও চিটাগুড়। বর্তমানে প্রচণ্ড গরম থাকায় দিনে দুইবার ১০ থেকে ১২ টি শ্যাম্পু দিয়ে গোসল করাই। সব সময় ফ্যানের নিচে রাখতে হচ্ছে।