ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৭ জুলাই। এ নির্বাচনকে সামনে রেখে সদ্য প্রয়াত চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের আসনে (ঢাকা-১৭) উপনির্বাচনে প্রার্থী হবেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম।
সোমবার (৫ জুন) বিকালে ঢাকার আগারগাঁও নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র তুলেছেন হিরো আলম। সন্ধ্যায় বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন তিনি।
এ সময় হিরো আলম বলেন, ‘মনোনয়নপত্র সংগ্রহ করেছি। সুষ্ঠু নির্বাচনে জয়লাভের ব্যাপারে শতভাগ আশাবাদী আমি।’
তিনি আরও বলেন, ‘আমি মিডিয়া কর্মী। নায়ক ফারুকের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। তার (ফারুক) ঢাকা-১৭ আসনের এলাকাগুলো ঘুরে দেখেছি। এখনও অনেক কাজ অবশিষ্ট রয়েছে। নির্বাচিত হয়ে আগামী পাঁচ মাস মেয়াদের মধ্যে নায়ক ফারুকের হয়ে কাজগুলো করতে চাই। এতে আমার ভালো লাগবে।’
বগুড়া মানুষের ভালোবাসা ও দাবির প্রেক্ষিতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান হিরো আলম।
এর আগে গত ১ ফেব্রুয়ারি বগুড়া সদর ও বগুড়া-৪ আসনের উপনির্বাচনে অংশ নিয়ে আলোচনায় আসেন হিরো আলম। সদর আসনে তিনি ৫ হাজার ২৭৪ ভোট পেয়ে জামানত হারান। এ ছাড়া বগুড়া-৪ আসনে তিনি ১৯ হাজার ৫৭১ ভোট পান।
এর আগে গত ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে জাতীয় পার্টির টিকিট না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন হিরো আলম। সিংহ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ৬৩৮ ভোট পেয়েছিলেন।