টেলিসিনে অ্যাওয়ার্ডে সম্মানিত ঢাকার তারকারা

কলকাতার শোবিজের ঐতিহ্যবাহী পুরস্কারের মধ্যে অন্যতম টেলিসিনে অ্যাওয়ার্ড। এর ২০তম আসর বসেছিল গত ৪ জুন কলকাতা নজরুল মঞ্চে। সেখানে কলকাতার সেরা তারকারা তো পুরস্কার পেয়েছেনই। পাশাপাশি এবারের পুরস্কার উঠে এসেছে বাংলাদেশের কয়েকজন বিখ্যাত শিল্পীর হাতেও। বাংলাদেশ থেকে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন সংস্কৃতি ব্যক্তিত্ব আফজাল হোসেন। সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন চঞ্চল চৌধুরী। সেরা চিত্রনায়ক হয়েছেন বাপ্পী চৌধুরী আর সেরা চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। সেরা গায়ক-গায়িকার পুরস্কার গেছে বাপ্পা মজুমদার ও সামিনা চৌধুরীর হাতে। পুরস্কারটি পেয়ে বেশ উচ্ছ্বসিত বাপ্পী চৌধুরী। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘আমি ঢাকার অনেক তারকার মতো কলকাতার প্রোডাকশনে এখনো কাজ করিনি। তারপরও পর পর কলকাতার মঞ্চে দুটি পুরস্কার পেলাম। গত এপ্রিলে পেয়েছি আইকনিক স্টার অ্যাওয়ার্ড। এবার পেলাম সেখানকার ঐতিহ্যবাহী টেলিসিনে অ্যাওয়ার্ড। এই অর্জন পুরোটাই কিন্তু আমার দেশের ছবির জন্য। ভালো কাজ করলে যে তার সুনাম দেশের গন্ডি ছড়িয়ে বাইরেও চলে যায়, এই পুরস্কারগুলো তার প্রমাণ। আমি অত্যন্ত গর্বিত।’ পুরস্কার পেয়ে বাপ্পা মজুমদার ফেসবুকে লেখেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আপনাদের সবার ভালোবাসায়, বাংলা মিউজিকে বিশেষ অবদানের জন্য আমি ২০তম টেলিসিনে অ্যাওয়ার্ডস প্রাপ্ত হয়েছি। কৃতজ্ঞতা জানাই, জুরি বোর্ড এবং এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত সবার প্রতি।’ অভিনেত্রী বিদ্যা সিনহা মিমও এই পুরস্কার অনুষ্ঠানের অনেক ছবি ও ভিডিও তার ফেসবুকে শেয়ার করেছেন। তাতে দেখা যাচ্ছে মঞ্চে এই অভিনেত্রীকে বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও সুপারস্টার অভিনেত্রী বলে ভূষিত করা হয়েছে। সামিনা চৌধুরী তো জীবনে অসংখ্য পুরস্কার পেয়েছেন। তবে দেশের বাইরে এই পুরস্কার পেয়ে তিনিও খুশি। গিয়েছিলেন কন্যা তেজিকে সঙ্গে নিয়ে।