ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ সাবিলা নূর সারা বছর ভক্তদের জন্য কাজ করেন। তবে নিজের জন্য কিছুটা অবসর রাখতেও ভুল করেন না এই অভিনেত্রী। প্রতি বছর নিয়ম করে দেশে বা দেশের বাইরে কিছুদিনের জন্য ঘুরতে যান। সময় কাটান নিজের মতো করে। সাবিলা বলেন, ‘ঘোরাঘুরি আমাকে রিচার্জ করে। নতুন করে নতুন উদ্যমে কাজে ফিরতে পারি। টানা কাজ করতে করতে শরীরের পাশাপাশি মনটাও ক্লান্ত হয়। নিজের ভেতর থেকে নতুন কিছু বের করতে গেলে একটু নিজেকেও সময় দিতে হয়। আমি সেই সময়টা দুইভাবে দিয়ে থাকি। অল্প অবসরে বই পড়ে নিজেকে সমৃদ্ধ করি। আর একটু লম্বা অবসরে প্রকৃতির সৌন্দর্যের কাছে নিজেকে আত্মসমর্পণ করি। ঘোরাঘুরি করে দেশে ফিরে যেন নতুন সাবিলাকে ফিরে পাই।’
সাবিলা বর্তমানে তেমনি একটি দারুণ ট্যুরের মধ্যে আছেন। বেশ কিছুদিন ধরেই এই তারকা অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। শুরুর দিকে শুধুই ঘুরে বেড়িয়েছেন। তার ফেসবুক, ইনস্টাগ্রাম দেখলে বোঝা যায়, চমৎকার সব প্রাকৃতিক দৃশ্যের কাছাকাছি গিয়ে কতটা উপভোগ করছেন এই অভিনেত্রী। তবে এবারের ট্যুরটা যেহেতু বেশ লম্বা, তাই তিনি এই ফাঁকে কিছু কাজও সেরে ফেললেন। সামনেই ঈদ, এমন সময়ে যদি শুধুই ঘোরাঘুরি করে কাটিয়ে দেন, তবে তো তার দর্শক-ভক্তরাই অভিযোগ করবেন যে ঈদে কেন এত কম কাজ করলেন। এমনিতেই সাবিলা এখন আগের মতো প্রতিদিন শুটিং করেন না। ব্যতিক্রমী চরিত্রের প্রতি তার আকাক্সক্ষা আরও বেড়ে গেছে। তাই গল্প ও চরিত্র নিয়ে তিনি বেশ বাছ-বিচার করেই কাজ করছেন। এর মধ্যে আবার এত লম্বা ছুটি কাটালে দেখা যাবে ঈদে সেভাবে তার কোনো কাজই আসছে না। তাই ভক্তদের কথা ভেবেই তিনি ছুটির মধ্যে পরিকল্পনা করে কাজও হাতে নিয়েছেন। অস্ট্রেলিয়াতেই টানা পাঁচটি নাটকের শুটিং করছেন তিনি। সব নাটকেই তার বিপরীতে দেখা যাবে অপূর্বকে। সাবিলা-অপূর্ব জুটি এখন দর্শকের ভীষণ প্রিয়। নাটকগুলোর মধ্যে চারটি পরিচালনা করছেন রুবেল হাসান এবং একটি শিহাব শাহীন। তবে এখনো কোনোটিরই নাম চূড়ান্ত হয়নি। এরই মধ্যে দেশটির সিডনিতে শুটিং করেছেন তারা। জানা গেছে, মোট ১৩ দিনে সম্পন্ন হবে পাঁচটি নাটকের শুটিং। নাটকগুলো প্রযোজনা করছে ধূপছায়া এন্টারটেইনমেন্ট। অপূর্ব-সাবিলা-রুবেল হাসানের সঙ্গে আছেন সিনেমাটোগ্রাফার কামরুল ইসলাম শুভ। পরিচালক রুবেল হাসান বলেন, ‘আমরা রাত-দিন শুটিং করছি। নাটকগুলোর প্রযোজক অস্ট্রেলিয়াপ্রবাসী বাঙালি। উনি আমাদের খুবই যতœ-আত্তিতে রেখেছেন। তার চেষ্টাতেই আমাদের দারুণ অভিজ্ঞতা হচ্ছে। আমাদের দেশে শুটিংয়ের জন্য নতুন জায়গা বের করা বেশ টাফ। সে ক্ষেত্রে অস্ট্রেলিয়ায় যেখানেই যাই দৃশ্যধারণ করতে ইচ্ছা করে। এসব মনোরম দৃশ্য দেখে দর্শক আলাদা আনন্দ পাবেন বলে আশা করি। কারণ এসব লোকেশন তো আমাদের নাটকে সচরাচর দেখা যায় না।’
সাবিলা বলেন, ‘আমি সব কাজ শেষ করে ১৮ জুন দেশে ফিরতে পারি। এখানে যে কাজগুলো করছি, বেশ ভালো হচ্ছে বলেই মনে হচ্ছে। দর্শকরা উপভোগ করবেন আশা করি। কাজের অভিজ্ঞতাও খুব ভালো। অপূর্ব ভাই অভিনয়শিল্পী হিসেবে খুবই কো-অপারেটিভ। যেকোনো সিচুয়েশনে মানিয়ে নিতে পারেন। আমি খুব এক্সাইটেড। প্রথমবার অস্ট্রেলিয়ায় শুটিং করছি। ভালো কিছুই হবে আশা করি।’ তিনি আরও বলেন, ‘শুধু শুটিং নয়, আমরা ঘোরাঘুরিও করছি। তাই অপূর্ব ভাইয়ের সঙ্গে এসেছেন তার স্ত্রী। আমার সঙ্গেও আছেন পরিবারের সদস্যরা।’