নদীতে বিষ প্রয়োগে মাছ শিকার বন্ধে স্মারকলিপি

ফেনীর সব নদীতে মৎস্য প্রজননের যথাযথ ব্যবস্থা গ্রহণ ও নদীতে বিষ প্রয়োগে মাছ শিকার বন্ধে প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটি’ (এফডিসি)। গতকাল সোমবার এফডিসির শীর্ষ নেতারা জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসানের হাতে এ স্মারকলিপি তুলে দেন।

স্মারকলিপিতে বলা হয়, সাগর বা রেগুলেটরির দক্ষিণ পাশে ফেনীর অনাবাসী জেলেদের বিষ প্রয়োগে মাছ শিকারের কারণে ফেনীর নদীগুলোর মাছ যেমন বিলীন হচ্ছে তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় জেলেরা।  এ ছাড়া বর্ষা মৌসুমে ফেনীর সব নদীতে বিভিন্ন দেশীয় মাছের রেণু ছাড়ার আহ্বান জানায় এফডিসি।

এফডিসির প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম মাওলা চৌধুরীর দিকনির্দেশনায় স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেন, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আবু তাহের, স্টারলাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং এফডিসির উপদেষ্টা জাফর উদ্দিন, সাধারণ সম্পাদক শান্তি চৌধুরী, অ্যাডভোকেট রাশেদ মাযহার, মোতাহের হোসেন তারু, মহিউদ্দিন সেলিম প্রমুখ।