নিউ ইয়র্ক মাতালেন জেমস

গত ৪ জুন রবিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যামাইকার আমাজুরা হলে নগরবাউল জেমসের কনসার্ট অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র থেকে সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নি তার ফেসবুকে লিখেছেন, ‘আমার দেশের কোনো শিল্পীর আগমনে যখন বিদেশের মাটিতে ট্র্যাফিক জ্যাম তৈরি হয়। পুলিশ সিকিউরিটিকে হিমশিম খেতে হয়, ভিড় সামলাতে তাদের নাজেহাল হতে হয়, তখন তা ছিল আমার কাছে অবিশ্বাস্য। গতকাল নিউ ইয়র্কে হয়ে গেল নগরবাউল ‘জেমস’-এর শো। জ্যামাইকার আমাজুরা হলের পুরো এলাকা রবিবার যেন হয়ে উঠেছিল জেমসময় বাংলাদেশ। মানুষের দীর্ঘ লাইন আর গাড়ির ভিড় সামলাতে ব্যস্ত ছিল নিউ ইয়র্ক সিকিউরিটি। কিছুদিন আগেও আমি স্বপ্ন দেখতাম অন্য দেশের শিল্পীদের মতো আমাদের দেশের কোনো শিল্পী যদি এভাবে সবাইকে অবাক করে দিতে পারত! গতকাল ছিল সেই দিন। আমি গর্বিত আমাদের একজন জেমস আছে, আমি গর্বিত আমাদের জেমসকে ভালোবেসে মানুষের স্রোতে নিউ ইয়র্কের একটি এলাকা উত্তাল হয়ে উঠেছিল। কাল এই আনন্দে চোখে পানিও চলে এসেছে। একেই বলে আমার দেশ, আমার গান, আমাদের গর্ব আর জেমস। জেমস ভাই আপনি আমাদের অহংকার।

আয়োজকরা জানিয়েছেন, জ্যামাইকার আমাজুরা হলের দেড় হাজার আসন কানায় কানায় পূর্ণ হয়ে যায়। দাঁড়িয়ে কনসার্ট দেখেছেন আরও শ’চারেক দর্শক। প্রায় পাঁচ বছর পর নিউ ইয়র্ক এসেছেন জেমস। তাই বিভিন্ন অঙ্গরাজ্য থেকে এই কনসার্টে দর্শক এসেছেন।