সহযোগিতার আশ্বাস জাহাঙ্গীরের

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, ১৭-১৮ মাস ধরে বিভিন্ন মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, দুদকসহ বিভিন্ন কার্যালয়ে আমার বিরুদ্ধে বানোয়াট তথ্য দিয়ে চিঠি পাঠানো হয়েছে। আমার নামে ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট দেখানো হয়েছে। আমার স্বাক্ষর ছাড়া কে বা কারা ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে সেটা জানতে চাই, আমি ন্যায়বিচার চাই।

গতকাল মঙ্গলবার সকালে দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে বের হয়ে সাংবাদিকদের এসব কথা বলেন জাহাঙ্গীর আলম। এ সময় তিনি নবনিযুক্ত গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে সব ধরনের সহযোগিতার আশ^াস দেন।

জাহাঙ্গীর আলম বলেন, ‘কে বা কারা অভিযোগ করেছেন তাদের ঠিকানা বা হদিস নেই, কাগজের সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। দুদক একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। গত ২১ মে তারা আমাকে ডেকেছিল। আজকেও (গতকাল) তারা আমাকে উপস্থিত হওয়ার জন্য নোটিস দিয়েছিল। আমি দুদক ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এখানে এসেছি। ৭ হাজার ৫০০ কোটি টাকা আত্মসাতের নাটক সাজানো হয়েছিল। মন্ত্রণালয় থেকে ৬০০-৬৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। সেই জায়গায় কাগজের মধ্যে লিখে দিয়েছে, সাড়ে সাত হাজার কোটি টাকা আত্মসাৎ।’

আজমত উল্লা গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমি সরকারকে ধন্যবাদ জানাই। নগর উন্নয়নের জন্য তিনিও কাজ করবেন। তিনি আমার বড় ভাই। আমি চাই তিনি তার কর্মদক্ষতা দিয়ে গাজীপুরের মানুষের জন্য ভালো কিছু করবেন, এজন্য আমি তাকে সার্বিক সহযোগিতা করব।’