গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

রাজধানীর হাজারীবাগে গলায় লিচুর বিচি আটকে অনিক হোসেন নামের (১০) এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটেছে। অনিককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

অনিকের মা পারভিন আক্তার জানান, একটি বেসরকারি ক্লিনিকে আয়া পদে কর্মরত রয়েছেন তিনি। পাঁচ-ছয় বছর আগে স্বামী ছেড়ে চলে গেছেন। একমাত্র সন্তান অনিক প্রতিবন্ধী ছিল। বর্তমানে তারা হাজারীবাগ পুরান থানা রোডে ভাড়া বাসায় থাকেন। গ্রামের বাড়ি নোয়াখালীর মাইজদী এলাকায়।

পারভিন আক্তার আরও বলেন, প্রতিদিনের মতো গতকাল মঙ্গলবার সকালে তিনি কাজে বের হন। এরপর তার মা মোবাইল ফোনে তাকে (পারভিন আক্তার) জানান, ফ্রিজ থেকে একটি লিচু মেঝেতে পড়ে যায় এবং সেটি খোসাসহ অনিক গিলে ফেলেছে। সেটি তার গলায় আটকে গেছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, বর্তমানে শিশুটির মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। সেই সঙ্গে বিষয়টি হাজারীবাগ থানাকেও জানানো হয়েছে।