দুষ্মন্থ চামিরার আগুন ঝড়ানো বোলিংয়ের সঙ্গে ওয়ানিন্দু হাসারাঙ্গার স্পিন ঘূর্ণি। আফগানিস্তানের ব্যাটাররা রীতিমতো কোণঠাসা হয়ে থাকল এই দুইয়ে। গুঁটিয়ে গেল খুব অল্পতেই। পরে লক্ষ্য তাড়া করতে নেমে সহজ জয় তুলে নিল শ্রীলঙ্কা। একই সঙ্গে নিশ্চিত করল সিরিজ।
হাম্বানটোটায় বুধবার ৯ উইকেটে জিতেছে শ্রীলঙ্কা। ১১৭ রানের লক্ষ্য তারা ছুঁয়েছে মাত্র ১৬ ওভারেই। অর্থাৎ ২০৪ বল হাতে রেখে জয় নিশ্চিত করেছে দলটি।
জয় দিয়ে সিরিজ শুরু করলেও টানা দুই ম্যাচে হেরে সিরিজ জেতা হলো না আফগানদের। চোটের কারণে প্রথম দুই ম্যাচে ছিলেন না রশিদ খান। এ ম্যাচে ফিরলেও তেমন সুবিধা করতে পারেননি। ব্যাট হাতে ২ রানে আউট হয়েছেন। বোলিংয়ে ৪ ওভার হাত ঘুরিয়ে ছিলেন উইকেট শূন্য।
ছোট্ট লক্ষ্য তাড়া করতে নেমে লঙ্কান দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও দিমুথ করুনারত্নে ফিফটি উপহার দেন। ৮৪ রান যোগ করেন তারা উদ্বোধনী জুটিতে। নিশাঙ্কা ৩৪ বলে ৫১ রান করে ফিরে যান। করুনারত্নে ৪৫ বলে ৫৬ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। কুশল মেন্ডিস অপরাজিত থাকেন ১১ রানে।
এর আগে টস জিতে ব্যাট করতে নামে আগনাস্তান। দলটির পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেন মোহাম্মদ নবি। এছাড়া ইব্রাহিম জাদরান ২২, গুলবাদিন নাইব, ফরিদ আহমেদ অপরাজিত ১৩ ও নাজিবুল্লাহ জাদরান ১০ রান করেন।
লঙ্কানদের পক্ষে চামিরা ৯ ওভার বল করেন ৬৩ রান খরচায় ৪ উইকেট নেন। হাসারাঙ্গা ৪.২ ওভার বল করে মাত্র ৭ রান খরচায় নেন ৩ উইকেট। ২ উইকেট নিয়েছেন লাহিরু থিরিমান্নে।
ম্যাচসেরা ও সিরিজসেরা দুটি পুরস্কারই উঠেছে দুষ্মন্থ চামিরার হাতে।