টেস্ট ফাইনালে ইমরুল-এনামুল

ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হচ্ছে অস্ট্রেলিয়া ও ভারতের মাঝে। সেখানে বাংলাদেশও উপস্থিত। মাঠে নয় অবশ্য, অন্য ভাবে। গ্যালারিতে যে উপস্থিত বাংলাদেশের দুই ক্রিকেটার। ইমরুল কায়েস ও এনামুল হক জুনিয়র টেস্ট ফাইনাল দেখছেন গ্যালারিতে বসে।

ফাইনালের প্রথম দিন খেলা দেখার মুহুর্তের একটি ছবি নিজের ফেসবুক পেজে শেয়ার করেন বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের নায়ক এনামুল। সেখানে দেখা যায় ক্রিকেটার ড্রেসিংরুমের পাশের স্ট্যান্ড লক অ্যান্ড লেকার গ্যালারির ছাদে খেলা দেখছেন দুজন।


৩৯ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে একবারই ইংল্যান্ডে খেলেছিলেন ইমরুল। লর্ডস ও ম্যানচেস্টারের দুই টেস্টের চার ইনিংসে একটি ফিফটি আছে তার। লর্ডসে ৭৫ করে আউট হয়েছিলেন আর ২৫ রানের জন্য লর্ডসের বিখ্যাত অনার্স বোর্ডে নাম তুলতে পারেননি। তবে ওই বোর্ডে প্রথম বাংলাদেশী হিসেবে ইনিংসে ৫ উইকেট নিয়ে নাম তোলেন শাহাদাত হোসেন। দ্বিতীয় হিসেবে একই ম্যাচে সেঞ্চুরি করে নাম তোলেন তামিম ইকবাল। ইমরুল বর্তমানে ইংল্যান্ডে মাইনর কাউন্টিতে খেলছেন। এনামুল ক্যারিয়ারে কখনই জাতীয় দলের হয়ে ইংল্যান্ডে খেলেননি।