হাইপারসনিক মিসাইল উন্মোচনের পর ইরানের শেয়ারবাজারে চাঙাভাব

নিজস্ব প্রযুক্তিতে তৈরি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মোড়ক উন্মোচন করার পর ইরানের শেয়ার বাজারে লেনদেন বেড়েছে, ফিরে এসেছে চাঙাভাব। এর ধারাবাহিকতায় ইরানের শেয়ারবাজারে কমেছে বৈদেশিক মুদ্রার দাম। বিশেষজ্ঞরা বলছেন, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উদ্বোধনের ঘটনা শেয়ার বাজারের প্রতি মানুষের আস্থা বাড়িয়ে তুলেছে।

পার্স টুডে জানিয়েছে, মঙ্গলবার দেশটির শেয়ার বাজারের প্রধান সূচক প্রায় ০.৫ শতাংশ বেড়ে ২.২৮৯ মিলিয়ন পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন মোট লেনদেন হয়েছে ১৫ কোটি ৭০ লাখ ডলারের এবং প্রায় এক হাজার কোটি শেয়ার হাত বদল হয়েছে।

একই ধরনের খবর দিয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ইসনা। বার্তা সংস্থাটি জানিয়েছে, মঙ্গলবার ফাত্তাহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উদ্বোধনের পর দেশের শেয়ার বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, যে সব ব্যবসায়ী ইরানের ওপর আঞ্চলিক অথবা আন্তর্জাতিক শক্তির পক্ষ থেকে আগ্রাসন চাপিয়ে দেয়ার ব্যাপারে উদ্বিগ্ন ছিলেন তাদের মধ্যে ফাত্তাহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আস্থা ফিরিয়ে এনেছে।

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচনের আগে দেশটিতে প্রতি ডলারের বিপরীতে ৫১ হাজার ২০০ তুমান বা ৫ লাখ ১২ হাজার রিয়াল বিক্রি হচ্ছিল। কিন্তু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচনের পর প্রতি ডলারের বিপরীতে পাওয়া যাচ্ছিল ৫০ হাজার ৯০০ তুমান বা পাঁচ লাখ ৯ হাজার রিয়াল।