ফাইনালের প্রথম দিন হেড-স্মিথের

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালকে নাথান লায়ন দেখেছেন বিশ্বকাপ ফাইনালের মতো করে। আর এমন একটি ফাইনালে রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ট্রাভিস হেড। তাতে পাশে বসেছেন কিংবদন্তী ক্রিকেটার ক্লাইভ লয়েডের। ভারতের বিপক্ষে টেস্ট শ্রেষ্ঠত্বের ফাইনালে সেঞ্চুরি করেছেন তিনি। তার এমন ইনিংসে ওভালে প্রথম দিন শেষে চালকের আসনে অসিরা।

শতকের অপেক্ষায় আছেন স্পিভ স্মিথ। তৃতীয় উইকেটে হেড-স্মিথের ২৫১ রানের জুটিতে ভর করে ৩২৭ রান তুলে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। হেড ১৪৬, স্মিথ ৯৫ রানে অপরাজিত আছেন।

যদিও দিনের শুরুটা নিজেদের দখলেই রেখেছিল ভারত। টস জিতে আগে অসিদের ব্যাটিংয়ে পাঠান রোহিত শর্মা। ২০১৫ সালের পর এই প্রথম কোনো টেস্টে টস জিতে ফিল্ডিংয়ে নামে ভারত। সিদ্ধান্ত যথার্থ সেটা প্রমাণ করতে বেশি সময় নিতে দেননি বোলাররা। ইনিংসের চতুর্থ ওভারেই মোহাম্মদ সিরাজের শিকারে পরিণত হন ওপেনার উসমান খাজা। ১০ বল খেলে রানের খাতা খুলতে না খাজা উইকেটে পেছনে ক্যাচ তুলে দেন শ্রীকর ভরতের হাতে।

তবে দ্রুত প্রথম উইকেট হারালেও দ্বিতীয় উইকেট জুটিতে রান তোলার চেষ্টা চালান ডেভিড ওয়ার্নার ও মার্নাস লাবুশানে। দুজনে মিলে গড়েন ৬৯ রানের জুটি। দলীয় ৭১ রানে শার্দুল ঠাকুরকে কব্জির মোচড় দিয়ে ঘুরিয়ে মারতে চেয়েছিলেন ওয়ার্নার। তবে ব্যাটে এজ হয়ে সেটা ক্যাচে পরিণত হয়। এবারও লুফে নিলেন ভরত। প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে নেওয়া টুটকায় ফল মিলেছে। ফেরার আগে ৬০ বলে ৮ চারে ৪৩ রান করেন ওপেনার ওয়ার্নার।

২৩ ওভারে ২ উইকেটে ৭৩ রান নিয়ে বিরতিতে যায় অস্ট্রেলিয়া। তারপর লাবুশানকে হারায় অস্ট্রেলিয়া। এবার মোহাম্মদ শামি। দ্বিতীয় সেশনে ২৫তম ওভারের প্রথম বলেই বোল্ড হন এই টপ অর্ডার। ৩ চারে ২৬ রানের একটি ইনিংস সাজিয়েছিলেন।

এরপরের গল্পটা শুধুই ট্রাভিস হেড আর স্টিভ স্মিথের। দুজনের জুটি অবিচ্ছিন্ন থেকে যায় চা-বিরতিতে, দ্বিতীয় সেশনে লাবুশেনের উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া যোগ করে ৯৭ রান। তৃতীয় সেশনে প্রথম মাইলফলক স্পর্শ করেন স্মিথই। ফিফটি করতে তার লাগে ১৪৪ বল, ইংল্যান্ডের মাটিতে সর্বশেষ ৮ ইনিংসে সাতবারই কমপক্ষে ৫০ রান করলেন তিনি।

৭৫ বলে ৬০ রানে অপরাজিত থেকে বিরতিতে যাওয়া হেড শেষ সেশনের শুরুটা করেন আক্রমণাত্মক, প্রথম ১৭ বলে করেন ৩২ রান। সেঞ্চুরিতে পৌঁছান ১০৬ বলে।

এ নিয়ে দ্বিতীয়বার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হচ্ছে, তবে সেঞ্চুরি এই প্রথম। ১৯৭৫ সালে প্রথম ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০২ রানের ইনিংস খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্লাইভ লয়েড, যা বিশ্বকাপ ফাইনাল ইতিহাসে প্রথম সেঞ্চুরি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এখন পর্যন্ত কেউ সেঞ্চুরি করতে পারেননি।

ওভালে হেড তার ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরিটিকে দিন শেষে টেনে নিয়েছেন ১৪৬ পর্যন্ত। স্মিথ অপক্ষোয় আছেন ৩১তম সেঞ্চুরির। তাদের অবিচ্ছিন্ন জুটিতে প্রথম দিনটা অস্ট্রেলিয়ার।