ডেঙ্গু রোগীর সংখ্যা দেশে বাড়ছে। এরই ধারাবাহিকতায় সর্বশেষ ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল বুধবার সকাল ৮টা) চলতি বছর এক দিনে সর্বোচ্চ ১৪৭ জন ডেঙ্গু রোগী ভর্তির রেকর্ড হয়েছে। তাদের মধ্যে ১২৭ জন ঢাকায়, বাকি ২০ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এই সময়ে ঢাকা ও বরিশালে দুই ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন ভর্তি হওয়া ১৪৭ জনকে নিয়ে এ বছর সারা দেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ৭২০ জনে। তাদের মধ্যে ৬৯৮ জনই চলতি মাসে ভর্তি হয়েছে। এ বছর ডেঙ্গুতে মারা গেছে ১৯ জন। তাদের মধ্যে ছয়জন মারা গেছে চলতি মাসেই।
এ বছর হাসপাতালে মোট ভর্তি রোগীর মধ্যে ১ হাজার ৯৯৭ ঢাকায় এবং ৭২৩ জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়। যে ১৯ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৫ এবং ঢাকার বাইরের হাসপাতালে চারজন মারা গেছে।