দুই কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

গাজীপুরে দুটি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও দেড় লাখ টাকা জরিমানা করেছে তিতাস গ্যাসের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার গাজীপুর মহানগরীর টেকনগপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

তিতাস গ্যাসের জয়দেবপুর জোনাল বিপণন অফিস সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত তিতাসের আঞ্চলিক বিপণন বিভাগ-গাজীপুর আওতাধীন জোনাল বিপণন অফিস-জয়দেবপুরের উদ্যোগে ও গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেবুন নাহারের নেতৃত্বে নগরীর বাসন থানার টেকনগপাড়া এলাকায় অবৈধ গ্যাস পাইপ লাইন বিচ্ছিন্নকরণে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে ওই এলাকায় মেসার্স ইউনিটি স্টাইল ও মেসার্স নুর ফ্যাশন নামক দুটি শিল্পপ্রতিষ্ঠানকে অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ করার অপরাধে ১ লাখ ও ৫০ হাজার করে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।