বিশ্ব ন্যাশ দিবস আজ

দেশে সাড়ে ৪ কোটি মানুষ ফ্যাটি লিভার রোগে আক্রান্ত

দেশে প্রায় সাড়ে ৪ কোটি মানুষ ফ্যাটি লিভার রোগে আক্রান্ত। বছরে এ রোগের চিকিৎসায় ব্যয় হচ্ছে ন্যূনতম ৭৫ হাজার ৬৯০ কোটি টাকা, যা জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দের দ্বিগুণ। এমন তথ্য জানিয়ে হেপাটোলজি সোসাইটির সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হেপাটোলজি বিভাগের অধ্যাপক ডা. শাহিনুল আলম বলেন, প্রতিটি ফ্যাটি লিভার রোগীর হাসপাতালে একবার চিকিৎসা নিতে গড়ে ১৬ হাজার ৮১০ টাকা ব্যয় হয়। সে হিসাবে, সব রোগী একবারের জন্য চিকিৎসা নিতে হাসপাতালে গেলে মোট ব্যয় ৭৫ হাজার ৬৯০ কোটি টাকা, যা জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দের দ্বিগুণ।

গতকাল বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক গোলটেবিল বৈঠকে এসব তথ্য জানানো হয়। আজ ষষ্ঠ আন্তর্জাতিক ন্যাশ দিবস উপলক্ষে হেপাটোলজি সোসাইটি এ বৈঠকের আয়োজন করেছিল।

বৈঠকে বিএসএমএমইউয়ের হেপাটোলজি বিভাগের কনসালট্যান্ট ডা. মো. সাইফুল ইসলাম এলিন বাংলাদেশের ফ্যাটি লিভারের প্রাদুর্ভাব তুলে ধরেন। এতে সভাপতিত্ব করেন হেপাটোলজি সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. মবিন খান। প্রধান অতিথি ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. এ এস এম মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল লিভার ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা মহাসচিব অধ্যাপক ডা. মোহাম্মদ আলী প্রমুখ।