শীর্ষ কোনো প্রতিযোগিতায় শিরোপার স্বাদ ভুলেই গিয়েছিল ওয়েস্ট হ্যাম। ইউরোপা কনফারেন্স লিগের ফাইনালে উঠে সেই অপেক্ষার অবসান ঘটনার সুযোগ এসেছিল দলটির সামনে। যা বেশ ভালোভাবেই কাজে লাগাল দলটি। ফিওরেন্তিনাকে হারিয়ে ৪৩ বছর পর শীর্ষ কোনো প্রতিযোগিতায় পেল শিরোপার স্বাদ।
বুধবার রাতে জাররোদ বোয়েনের করা শেষ মুহূর্তের গোলে ২-১ গোলের নাটকীয় জয় পেয়েছে ওয়েস্ট হ্যাম।
চেক প্রজাতন্ত্রের ইডেন এরেনায় অনুষ্ঠিত ম্যাচটির প্রথমার্ধ ছিল গোলশূন্য। বিরতির পর পেনাল্টিতে এগিয়ে যায় ওয়েস্ট হাম। ৬২ মিনিটে সফল স্পটকিকে গোল করেন সাঈদ বেনরাহমা।
তবে ৪ মিনিটের ব্যবধানে ম্যাচে সমতা টানে ফিওরেন্তিনা। গোল করেন দলটির মিডফিল্ডার গিয়াকোমো বোনাভেন্তুরা।
নির্ধারিত সময়ের শেষ মিনিটে বোয়েন গোল করে ওয়েস্ট হ্যামকে শিরোপার আনন্দে মাতান। অথচ তার আগ পর্যন্ত ম্যাচটা অতিরিক্ত সময়ে যাচ্ছে বলেই মনে হচ্ছিল।
১৯৮০ সালে এফএ কাপ জয়ের পর আর কোনো শীর্ষ প্রতিযোগিতায় শিরোপার স্বাদ পায়নি ওয়েস্ট হ্যাম। ইউরোপিয়ান প্রতিযোগিতার কথা বললে অপেক্ষাটা তো ছিল আরও দীর্ঘ। কনফারেন্স লিগ জয়ের মধ্য দিয়ে ৫৮ বছর পর কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো দলটি।