পাকিস্তানের বিরোধী রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কোরেশি সঙ্গে বৈঠক করেছেন দলটির চেয়ারম্যান ইমরান খান। বুধবার (৭ জুন) ইমরানের জামান পার্কের বাসভবনে অনুষ্ঠিত এ বৈঠকটি অনুষ্ঠানিক কোনো বিবৃতি ছাড়াই শেষ হয়েছে।
এক প্রতিবেদেন এ খবর জানিয়েছে পাকিস্তানের সংবাদামধ্যম দ্য ডন।
তবে পরিস্থিতি এখনও ঘোলাটে বলে জানিয়েছে দলীয় সূত্র। এদিকে বৈঠকে দুই নেতার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে বলে জানিয়েছে দেশটির আরেক সংবাদমাধ্যম জিও নিউজ।
সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে,পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে রাজনীতিতে নিষিদ্ধ করা হলে কোরেশি দলের দায়িত্ব নেবেন এবং বিবাদমান দলটির টিকে থাকার বিষয়ে তিনি সরকার ও শক্তিশালী মহলের সঙ্গে আলোচনা করতে পারেন -এমন গুঞ্জনের মধ্যেই দলটির শীর্ষ এ দুই নেতা বৈঠকে বসেন।
বৈঠকে শাহ মেহমুদ কোরেশি দলকে বিস্ফোরণের হাত থেকে রক্ষার করার বিষয়ে পিটিআই চেয়ারম্যান ইমরানকে বোঝাতে চান। নাম না জানানোর শর্তে সংবাদমাধ্যম ডনকে পিটিআইয়ের এক নেতা জানান, একটি কঠোর সিদ্ধান্ত নেওয়ার মুখোমুখি দাঁড়িয়ে সাবেক প্রধানমন্ত্রী- হয় তাকে ‘রাজনৈতিক বাস্তবতা স্বীকার করতে হবে‘ নয়তো নিজেকে পরাজিত ব্যক্তি হিসেবে মেনে নিতে হবে। ‘
কোরেশির কাছের এক বন্ধুর বরাত দিয়ে জিও নিউজ আরও জানায়, বৈঠকে কোরেশি ইমরান খানকে প্রস্তাব দেন, এ সংকটময় মুহূর্তে যেন তিনি পিছিয়ে যান অথবা বিদেশে চলে যান।
সাবেক প্রধানমন্ত্রীকে কোরেশি আরও বলেন, যারা তাকে বিপথে নিয়ে যাচ্ছে— তারা এ কঠিন মুহূর্ত থেকে বের হতে তাকে কোনো সহায়তা করতে পারবে না। তখনই দুই নেতার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এরপর বৈঠক থেকে বের হয়ে যান কোরেশি।
প্রায় এক ঘন্টাব্যাপী বৈঠকটি চললেও তা কোনো আনুষ্ঠানিক বিবৃতি ছাড়াই শেষ হয়। এদিকে সংবাদ সম্মেলনের প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও ভাইস চেয়ারম্যান কোরেশি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা না বলেই ঘটননাস্থল ত্যাগ করেন।
অন্যদিকে বৈঠক শেষে সমর্থকদের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন ইমরান খান। সেখানে কয়েকদিন ধরে তিনি যেসব কথা বলছিলেন, সেগুলোরই পুনরাবৃত্তি করেন তিনি।