সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৩ -এর উদ্বোধন করেন। এ উপলক্ষে সেনাবাহিনী প্রধান ঢাকা সেনানিবাসের শহীদ মঈনুল রোড এলাকায় একটি বকুল গাছের চারা রোপণের মাধ্যমে ঢাকা সেনানিবাসসহ দেশের সব সেনানিবাস, সব ডিওএইচএস ও জলসিঁড়ি আবাসন প্রকল্পে ভিডিও টেলি কনফারেন্সের (ভিটিসি) মাধ্যমে একযোগে এই কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় সেনাসদর ও ঢাকা অঞ্চলের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা, জেসিও ও অন্যান্য পদবির সেনাসদস্যরা উপস্থিত ছিলেন। এ বছর বৃক্ষরোপণ অভিযানের প্রতিপাদ্য বিষয় হচ্ছে :  ‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী মানুষের মৌলিক চাহিদাসমূহ, তথা প্রাকৃতিক ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা, জীব-বৈচিত্র্য সমৃদ্ধ টেকসই পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, কর্মসংস্থান সৃষ্টি ও আর্থ-সামাজিক উন্নয়নে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেছেন।

বৃক্ষরোপণ অভিযান-২০২৩ এ ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির বৃক্ষসহ সৌন্দর্য্যবর্ধক বিভিন্ন প্রকার গাছের চারা রোপণ করা হবে। সব সেনানিবাস, স্বর্ণদ্বীপসহ সব প্রশিক্ষণ এলাকা, ফায়ারিং রেঞ্জ, সব ডিওএইচএস এবং জলসিঁড়ি আবাসন প্রকল্পে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে; যা ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এ বছর বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে প্রায় ১ লাাখ ৯২ হাজার ১৭৩টি গাছের চারা রোপণ করা হবে। দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে সবকে স্বপ্রণোদিত হয়ে বৃক্ষরোপণে উৎসাহিত করাই এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্দেশ্য। বিজ্ঞপ্তি