সংকট কাটাতে পানি কম ব্যবহারের পরামর্শ এমডির

লোডশেডিংয়ের কারণে ঢাকায় তীব্র পানি সংকট চলছে। রাজধানীর অধিকাংশ এলাকায় ঢাকা ওয়াসার সরবরাহ লাইনে পানি মিলছে না। এ অবস্থায় গতকাল বৃহস্পতিবার ঢাকা ওয়াসার কারওয়ান বাজার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিদ্যমান অবস্থার জন্য দুঃখ প্রকাশ করেছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খান। এ সময় তিনি সংকট কাটাতে মানুষকে পানি কম ব্যবহার করে অন্যকে পানি পাওয়ার সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে ঢাকা ওয়াসার এমডি বলেন, ঢাকা ওয়াসার ১০টি মডস জোনের মধ্যে ৫টি জোনের অনেক এলাকায় পানি সরবরাহ বাধাগ্রস্ত হয়েছে। পাশাপাশি অন্যান্য জোনেও পকেট (এলাকাভিত্তিক) সমস্যা দেখা দিয়েছে। এ সংকট কাটাতে মানুষকে পানি কম ব্যবহার করে অন্যকে পানি পাওয়ার সুযোগ করে দিতে হবে।

তিনি বলেন, বিদ্যুৎ নিয়মিত না পাওয়ার কারণে পাম্প চালাতে পারছে না ঢাকা ওয়াসা। ফলে ডিপটিউবওয়েল থেকে পানি উত্তোলন করা সম্ভব হচ্ছে না। এর মধ্যে বসুন্ধরা এলাকার পানি সমস্যা আগামীকালের (আজ) মধ্যে সমাধান হয়ে যাবে।

তিনি আরও বলেন, পানি সংকট বাড়লে প্রয়োজনে রেশনিংয়ের মাধ্যমে পানি সরবরাহ করা হবে। অর্থাৎ কোনো এলাকায় দিনে আট ঘণ্টা পানি সরবরাহ করে বন্ধ করে দেওয়া হবে। পরে অন্য এলাকায় পানি সরবরাহ করা হবে।

এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (পরিচালন ও রক্ষণাবেক্ষণ) এ কে এম সহিদ উদ্দিন, উপ-প্রধান জনতথ্য কর্মকর্তা এ এম মোস্তফা তারেক প্রমুখ।