প্রাধ্যক্ষের লিখিত আশ্বাসে অনশন ভাঙলেন প্রত্যয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী সামিউল ইসলাম প্রত্যয় আট দিন পর অনশন ভেঙেছেন। হল থেকে অছাত্রদের বের করাসহ তিন দফা দাবিতে গত ৩১ মে রাত থেকে অনশন কর্মসূচি পালন করছিলেন তিনি। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষ নির্দিষ্ট সময়ের মধ্যে তার দাবিগুলো মেনে নেওয়ার লিখিত আশ্বাস দেন। এরপর পানি পান করে অনশন ভেঙে অবস্থান কর্মসূচি তুলে নেন প্রত্যয়।

গতকাল দুপুর সোয়া ১২টার দিকে সামিউলকে তার জন্য বরাদ্দ করা মীর মশাররফ হোসেন হলের ৪১৭ নম্বর কক্ষে পৌঁছে দেন প্রাধ্যক্ষ অধ্যাপক মো. সাব্বির আলম। একই সঙ্গে তার কক্ষে থাকা সাবেক শিক্ষার্থী সবুজ রায়কে হলে অবাঞ্ছিত ঘোষণা করে বের করে দেওয়া হয়।

প্রত্যয় বলেন, ‘আমার দাবি তিনটির কার্যক্রম শুরুর দৃশ্যমান রূপ দেখতে চেয়েছিলাম। প্রাধ্যক্ষ স্যার আমাকে গত কয়েক দিনের কার্যক্রম দেখিয়েছেন এবং এক মাস সময় নিয়েছেন।’

প্রাধ্যক্ষ মো. সাব্বির আলম বলেন, প্রত্যয় আলোচনা সাপেক্ষে অনশন ভেঙেছে। সে এখন তার জন্য বরাদ্দ করা কক্ষে অবস্থান করছে।