চুরির অভিযোগে ২ শিশুকে শেকলে বেঁধে নির্যাতন

ফরিদপুরের বোয়ালমারীতে ১১ বছর বয়সী দুই শিশুকে চুরির অভিযোগে শেকল দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। উপজেলার গুনবহা ইউনিয়নের চাপলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটেছে। ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্যের ভাইয়ের বিরুদ্ধে নির্যাতনের এ অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গুনবহা ইউনিয়নের চাপলডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য নাজমুল শেখের বড় ভাই নজরুল শেখের (৪০) একটি নলকূপের হাতল সম্প্রতি চুরি হয়। হাতলটি ওই গ্রামের মিন্টু শেখের ছেলে সুমন (১১) এবং পাশের মোক্তারপুর গ্রামের কৃষক আলীবার শেখের ছেলে সৌরভ (১১) চুরি করে বিক্রি করেছে বলে অভিযোগ ওঠে। হাতল চুরির ওই ঘটনায় নজরুল শেখ এবং তার সহযোগী হাসান গত মঙ্গলবার দুপুরে সুমন ও সৌরভকে নির্যাতন করেন। তারা নাজমুল শেখের বাড়ির চাতালে শিশু দুটিকে কয়েক ঘণ্টা চিত করে শুইয়ে পায়ে লোহার শেকল দিয়ে বেঁধে কাঠ ও বাঁশ দিয়ে পেটান। তাদের পেটানোর এ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

এদিকে নির্যাতনের বিষয়টি বোয়ালমারী থানা পুলিশ জানতে পেরে নির্যাতনের হোতা নজরুল শেখ ও হাসানকে আটক করে ওই দিনই থানায় নিয়ে আসে। দুদিন থানায় আটক রাখার পর ওই দুই শিশুর অভিভাবকদের কোনো অভিযোগ না থাকায় গতকাল বৃহস্পতিবার আমলযোগ্য অপরাধ সংঘটনের দায়ে আটক দুজনকে ফরিদপুর আদালতে পাঠানো হয়।

বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ আবদুল ওহাব বলেন, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছিল। কিন্তু কারও কোনো অভিযোগ না থাকায় মামলা হয়নি।