ফ্রেঞ্চ ওপেনের পুরুষ বিভাগের সেমিফাইনাল আজ। আসরের প্রথম সেমিফাইনালে লড়বে ২২টি গ্র্যান্ড স্ল্যামজয়ী নোভাক জোকোভিচ ও বর্তমান নাম্বার ওয়ান তারকা কার্লস আলকারাজ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।
আলকারাজ ও জোকোভিচের বয়সের পার্থক্য অনেক। স্পেনের আলকারাজের বয়স মাত্র ২০ বছর। সার্বিয়ার জোকোভিচের বয়স ৩৬। কিন্তু জোকোভিচকে দেখে সেটা বোঝা যাচ্ছে না। নিজের থেকে ছোট প্রতিদ্বন্দ্বীদের হেলায় হারিয়েছেন।
তবে বয়স বেশি হওয়ার সুবিধাও পাচ্ছেন জোকোভিচ। সেটি হল অভিজ্ঞতা। এত বছর ধরে এত গুরুত্বপূর্ণ ম্যাচ খেলেছেন। গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনাল খেলার অভিজ্ঞতা কাজে লাগাবেন জোকোভিচ। সেই অভিজ্ঞতার বিরুদ্ধে লড়তে হবে আলকারাজকে।
চলতি আসরে আগের পাঁচ রাউন্ডে মাত্র একটি সেট খুইয়েছেন আলকারাজ। জোকোভিচও একটিই সেট হেরেছেন। বাকি সব ম্যাচে সরাসারি সেটে জিতেছেন তারা। এই পরিসংখ্যান বলে দিচ্ছে, এ বারের প্রতিযোগিতায় কতটা দাপট রেখে খেলেছেন দুজনে।
ফলে লড়াই সমানে সমানে। সেমিফাইনালে শুধু শারীরিক লড়াই হবে না, হবে মানসিক প্রতিযোগিতা। ফিলিপে শাতিয়েঁর কোর্টে যে খেলোয়াড় ঠান্ডা মাথায় নিজের খেলা খেলতে পারবেন, তিনিই ম্যাচ বার করে দেবেন।
এর আগে এক বারই মুখোমুখি হয়েছেন জোকোভিচ ও আলকারাজ। ২০২২ সালের ৭ মে মাদ্রিদ মাস্টার্সে দু’জনের মধ্যে খেলায় জিতেছিলেন আলকারাজ (৬-৭, ৭-৫, ৭-৬)। তার আগের ম্যাচেই নাদালকে হারিয়েছিলেন আলকারাজ। দ্বিতীয় ম্যাচে কি বদলা নিতে পারবেন জোকোভিচ!