বাংলাদেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিত সিরাজুল আলম খান দাদা ভাই বলেছিলেন, আমার মৃত্যুর পর কোনো শোকসভা হবে না, শহীদ মিনারে ডিসপ্লে হবে না লাশ।
বিশিষ্ট লেখক মহিউদ্দিন আহমদের 'প্রতিনায়ক সিরাজুল আলম খান' বইটিতে সিরাজুল আলম খান তার এই শেষ ইচ্ছার কথা বলেছিলেন।
সিরাজুল আলম খান বলেছিলেন— 'আমার মৃত্যুর পর কোনো শোকসভা হবে না। শহীদ মিনারে ডিসপ্লে হবে না লাশ। যত দ্রুত সম্ভব নোয়াখালীর বেগমগঞ্জে আমার গ্রামের বাড়িতে পাঠাতে হবে মরদেহ, যা ঢাকা থাকবে একটা কাঠের কফিনে। মায়ের একটা শাড়ি রেখে দিয়েছি। কফিনটা শাড়িতে মুড়ে মাটিতে পুঁতে ফেলতে হবে, মায়ের কবরে।'
উল্লেখ্য, আজ শুক্রবার (৯ জুন) বিকাল আড়াইটার দিকে সিরাজুল আলম খান ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন।