চঞ্চলের অন্য রকম অর্জন

চঞ্চল চৌধুরী দিন দিন নিজেকে এমন একটি জায়গায় নিয়ে যাচ্ছেন, যেখানে তিনি অতুলনীয়। তার সঙ্গে সমসাময়িক কোনো শিল্পীর তুলনাও যেন বেমানান। তাই তো দেশের অনেক জনপ্রিয় শিল্পীর আইডল এখন চঞ্চল চৌধুরী। তার ক্যারিয়ারগ্রাফ অনুসরণ করেন অনেকেই। ভালো অভিনয় করেন অনেক শিল্পীই। কিন্তু চঞ্চল যেদিক থেকে এগিয়ে তা হলো, তার কাজ নির্বাচন। অসম্ভব দূরদর্শিতা দিয়ে তিনি কাজ বাছাই করেন। তাই তো তিনি টিভি নাটকে যেমন সফল, তেমনি বিজ্ঞাপন, চলচ্চিত্র কিংবা ওয়েব সিরিজে। আর তার কাজের গুণগ্রাহী এখন শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ নেই, আন্তর্জাতিক অঙ্গনেও তার কাজের কদর বাড়ছে।

চঞ্চল চৌধুরী অভিনীত ‘মনপুরা’ ছবিটি কলকাতায় ‘অচিন পাখি’ নামে রিমেক হয়। তার অভিনীত ‘আয়নাবাজি’ ছবিটিও ভারতে রিমেক হয়েছিল। ‘গায়ত্রী’ নামে ছবিটি রিমেক হয় তেলেগু ভাষায়। এবার চঞ্চল চৌধুরী অভিনীত ‘তাকদীর’ সিরিজটি রিমেক হচ্ছে তেলেগু ভাষায়। ‘মনপুরা’ ও ‘আয়নাবাজি’র পর, এবার চঞ্চলের ‘তাকদীর’ রিমেক হচ্ছেÑ এমন গুঞ্জন আগেই শোনা গিয়েছিল, তবে ‘তাকদীর’ সংশ্লিষ্ট কেউ নিশ্চিত করেননি। গতকাল ‘তাকদীর’ অভিনেতা চঞ্চল চৌধুরী নিজেই জানালেন, তার অভিনীত জনপ্রিয় ওয়েব সিরিজ ‘তাকদীর’ রিমেক হচ্ছে তেলেগু ভাষায়। নাম রাখা হয়েছে ‘দয়া’। চঞ্চলের চরিত্রে অভিনয় করবেন ‘সত্য’ অভিনেতা জে ডি চক্রবর্তী। বলিউড ছবির ইতিহাসে অন্যতম সেরা ছবি রাম গোপাল ভার্মা পরিচালিত ‘সত্য’ থেকে তিনি ব্যাপক পরিচিতি পান। বাংলাদেশের কনটেন্ট অন্য ইন্ডাস্ট্রিতে এভাবে রিমেক হওয়াকে দেশের ইন্ডাস্ট্রির বড় অর্জন হিসেবেই দেখছেন চঞ্চল চৌধুরী। তিনি বলেন, ‘আমাদের দেশের একটি সিরিজের গল্প নিয়ে অন্য ভাষায় সিরিজ হচ্ছে, এটা খুবই ইতিবাচক ও অনুপ্রেরণার। ভালো মৌলিক গল্প বলতে পারলে সারা পৃথিবী এভাবেই আমাদের অনুসরণ করবে। আমাদের সেই সামর্থ্য রয়েছে। শুধু চর্চাটা ধারাবাহিক করতে হবে। ভালো গল্প হলে তার প্রশংসা দেশ-বিদেশে ছড়িয়ে পড়ে। ভালো গল্পের চাহিদা থাকে নানা ভাষায়।’ ‘তাকদীর’ নির্মাণ করেন সৈয়দ আহমেদ শাওকী। এই ওয়েব সিরিজ ২০২০ সালে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তির পর ভূয়সী প্রশংসা কুড়ায়। তেলেগু ভাষার সিরিজ ‘দয়া’ ডিজনি প্লাস হটস্টারে ১৪ জুলাই মুক্তি পাওয়ার কথা রয়েছে। হইচইয়ের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে একটি পোস্টে বলা হয়েছে, ‘আমাদের জন্য গর্বের মুহূর্ত। ওয়েব সিরিজ “তাকদীর” আনুষ্ঠানিকভাবে তেলেগু ভাষায় রিমেক হচ্ছে।’ অন্যদিকে ডিজনি প্লাস হটস্টারও এক টুইটে ‘তাকদীর’-এর রিমেক ‘দয়া’র পোস্টার শেয়ার করেছে। তেলেগু ভাষার ‘দয়া’ ওয়েব সিরিজ পরিচালনা করেছেন পবন সাধীনেনি। সিরিজটিতে জে ডি চক্রবর্তী ছাড়াও অভিনয় করেছেন এশা রেব্বা, রেম্যা নাম্বিসান, কমল কামার রাজু প্রমুখ।

এদিকে, গতকাল দুপুরে চঞ্চল চৌধুরী তার ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যায়, তিনি, মোশাররফ করিম ও আফরান নিশো। তিনজনেই পাঞ্জাবি পরা। ছবিটি এরই মধ্যে ভাইরাল। কারণ এই শক্তিমান তিন অভিনেতাকে এখনো একসঙ্গে কোনো কাজে দেখা যায়নি। তবে একফ্রেমে দেখে সবাই উচ্ছ্বসিত। খোঁজ নিয়ে জানা যায়, তাদের এই ছবিটি একেবারে টাটকা। অর্থ্যাৎ গতকালই একটি বিজ্ঞাপনের শুটিং চলাকালে মোবাইল ফোনে তোলা! চঞ্চল চৌধুরী ছবিটির ক্যাপশনে লিখেছেন, ‘শিরোনামহীন’। পোস্ট করার এক ঘণ্টার মধ্যে চঞ্চলের ব্যক্তিগত আইডি থেকে ১৪ হাজার লাইক পড়ে, মন্তব্য দেখা যায় হাজারের বেশি। ভক্ত অনুরাগীরা দেদার শেয়ারও করছেন পোস্টটি! পাশাপাশি তাদের অনুসারীরা বিভিন্ন ক্যাপশন দিয়ে ছবিটি নাটকসংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে পোস্ট করতে থাকেন। চঞ্চলের পোস্টে মন্তব্য করেছেন কলকাতার বিখ্যাত অভিনেতা ঋত্বিক চক্রবর্তী, ‘আপনাদের জয় হোক।’ আবার কেউ কেউ লিখছেন, তিন অবতার। তিনজনকে একসঙ্গে দেখে মনটা মোচড় দিয়ে উঠল। কেউ শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, বিশ্বমানের তিন অভিনেতা। কল্যাণ অর্ণব নামে আরেকজন লেখেন, বাংলা নাটকের তিনজন জীবন্ত কিংবদন্তি। আপনাদের হাত ধরেই বাংলা নাটক আন্তর্জাতিক অঙ্গনে সমাদৃত হয়েছে।