বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা ঢাকা জেলা আওয়ামী লীগের

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা জেলা আওয়ামী লীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতারা। গতকাল শুক্রবার সকালে ধানম-ির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর

প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সংগঠনের নেতাকর্মীরা। সংগঠনের সভাপতি বেনজির আহমেদ ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণের নেতৃত্বে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান, অ্যাডভোকেট আবুল কাশেম, ফজলুল হক, কাজী শওকত হোসেন, মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ ইকবাল হোসেন, সিরাজ উদ্দিন সিরাজ, ফখরুল আলম সমর, সাংগঠনিক সম্পাদক হালিমা আক্তার লাবণ্য প্রমুখ।

শ্রদ্ধা জ্ঞাপন শেষে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ বলেন, ‘স্বাধীনতাবিরোধী, বিএনপি-জামায়াতের সব যড়যন্ত্র মোকাবিলায় ঢাকা জেলা আওয়ামী লীগের এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’ সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ বলেন, ‘জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।’ গত বছর ২৯ অক্টোবর রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্যমেলার মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনে নতুন কমিটির সভাপতি বেনজির আহমেদ ও সাধারণ সম্পাদক পদে পনিরুজ্জামান তরুণের নাম ঘোষণা করেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্মেলনের ৯ মাস পর পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়।