বঙ্গবন্ধু সেতু এলাকায় ১৮ কিলোমিটার জুড়ে থেমে থেমে যানজট

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু‌ মহাসড়কে ১৮ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।

শনিবার (১০ জুন) ভোর রাত থেকে বঙ্গবন্ধু সেতু‌র পূর্বপার থেকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলি পর্যন্ত এই যানজটের সৃষ্টি হয়। এতে করে বিপাকে পড়েছেন গন্তব্যে যাওয়া মানুষ।

বঙ্গসেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম বলেন, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে মহাসড়কের কামাক্ষা মোড় এলাকায় একটি পিকআপ ভ্যান উল্টে যায়। পিকআপ ভ্যানটি সরাতে প্রায় ১ ঘণ্টার মতো সময় লেগে যায়। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়।

এছাড়াও মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ বেড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। তিনি আরও বলেন, চালকরা বেপরোয়া গাড়ি চালানোর কারণে জট তৈরি হয়েছে। আমরা সড়কে দায়িত্ব পালন করছি, দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।