মেসিজ্বরে এখন আক্রান্ত চীন। অস্ট্রেলিয়ার সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে আর্জেন্টিনা ফুটবল দল এখন সেখানে। আগামী বৃহস্পতিবার আলবিসেলিস্তেরা খেলতে নামবে বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে। লিওনেল স্কালোনির শিষ্যদের আগমনে দেশটির রাজধানীতে বিরাজ করছে উৎসবের আমেজ। অতিউৎসাহী ভক্তরা ভিড় করেছেন হোটেলের লবিতে। ফলে সেখানে জটলার সৃষ্টি হয়েছিল।
আর্জেন্টিনার ক্রীড়াভিত্তিক গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস তাদের এক প্রতিবেদনে উল্লেখ করেছে, আলবিসেলেস্তেদের দেখতে স্থানীয় জনসাধারণ ভিড় করেন হোটেল এলাকায়। এত লোক সমাগমের কারণে সেখানের আবহাওয়াও উত্তপ্ত হয়ে উঠেছিল। এমনকি হোটেল থেকে ফুটবলাররা বাইরে যেতে পারছিলেন না। যা কিছুটা অস্বস্তিকর কারণ হয়ে উঠেছিল।
চীনা ভক্তদের উন্মাদনা লক্ষ্য করা গেছে বিমানবন্দর থেকেই। কাতার বিশ্বকাপ জিতে জার্সিতে তিন তারা যুক্ত করা আর্জেন্টাইন খেলোয়াড়দের বহনকারি বিমান অবতরণের আগেই সেখানে ভিড় করেন হাজারো ফুটবলভক্ত। যাদের বেশিরভাগের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন লিওনেল মেসি ও ডিবু (এমিলিয়ানো মার্তিনেজ)। চীনের রাজধানী মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছিল। পোস্টার, টি-শার্ট আর গান, উৎসবের কোনো কমতি রাখেননি ভক্তরা!
এমন উন্মাদনা দেখে অভিভূত আর্জেন্টিনা জাতীয় দলের নিস্তার ছিল না হোটেলে এসেও। ভক্তরা এসে ভিড় জমান সেখানেও। আর ‘মেসি! মেসি!’ বলে চিৎকার করতে থাকেন। কঠোর নিরাপত্তা ব্যবস্থা ডিঙিয়ে হোটেলের লবিতে ঢুকে পড়েন অনেক ভক্ত। সেখানে গিয়েও উল্লাস আর উন্মাদনায় ফেটে পড়েন। যা হোটেলের রুমে বসেই শুনতে পাচ্ছিলেন আর্জেন্টাইন ফুটবলাররা।
নিরাপত্তা বাহিনীর প্রাপ্যতার অভাবের কারণে জনসাধারণের এমন ভিড় সামাল দেওয়া যায়নি। আর তাই ভিড় ঠেলে সেখানে ঢুকতে দেখা যায় তাদের।