ভিড়ের সময় হাজরে আসওয়াদের কাছে না যাওয়ার অনুরোধ

সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় হজযাত্রীদের তাওয়াফের সময় ‘কালো পাথর’ চুম্বনের জন্য নির্ধারিত নিয়ম-কানুন মেনে চলার আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে কাবা শরিফে দায়িত্ব পালনরত নিরাপত্তা কর্মীদের নির্দেশনা মেনে চলারও অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

বিশ্বের নানাপ্রান্ত থেকে আগত লাখ লাখ হজযাত্রীদের স্বাচ্ছন্দ্যে ও শান্তির সঙ্গে আল্লাহর ঘর তাওয়াফের জন্যই নির্দেশনাগুলো অনুসরণের আহ্বান জানিয়েছে। মন্ত্রণালয় সারাবিশ্ব থেকে আগত হজযাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে, ভিড়ের কারণে হাজরে আসওয়াদের কাছাকাছি যাওয়া সম্ভব না হলে হজরত রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নত অনুসরণ করে দূরে থেকে হাতের ইশারায় তাকবির পাঠ করা যেতে পারে। তাওয়াফের সময় হাজরে আসওয়াদের নিকটবর্তী হওয়া এবং চুম্বন করতে যেয়ে কোনো ধরনের সমস্যায় যেন পড়তে না হয় সেজন্য এ বিষয়ে খেয়াল রাখা জরুরি।