নিথরের মাইম কর্মশালা

পারফর্মিং আর্টসের ভিত্তি বলা হয় মূকাভিনয়কে। নাচ, গান, অভিনয়, আবৃত্তি, উপস্থাপনা এসব শিল্পে সাফল্য পেতে মূকাভিনয় বা মাইম সহায়ক হিসেবে কাজ করে। বাংলাদেশের অন্যতম মূকাভিনয়ের সংগঠন মাইম আর্টের ১৫ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৬, ১৭ ও ১৮ জুন তিন দিনব্যাপী মূকাভিনয় কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালা শেষে থাকছে মাইম আর্টের সদস্য হয়ে কাজ করার সুযোগ। ১৪ জুন পর্যন্ত আগ্রহীরা ঢাকার সেগুনবাগিচায় জাতীয় নাট্যশালার ৭ তলায় চিলেকোঠা থেকে ফরম সংগ্রহ করে তা পূরণ করে জমা দিতে পারবেন। এ ছাড়াও মাইম আর্টের ফেসবুক পেজ থেকে www.facebook.com/MIME ART) ফরম ডাউনলোড করা যাবে। জাতীয় নাট্যশালার ৬ তলায় ৪ নম্বর মহড়াকক্ষে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এ কর্মশালা। মুখ্য প্রশিক্ষক থাকবেন মূকাকুখ্যাত মাইমশিল্পী নিথর মাহবুব। আরও প্রশিক্ষণ দেবেন মাইম শিল্পী ফয়সাল ও টুটুল। নিথর বলেন, ‘বাংলাদেশে মূকাভিনয়কে জনপ্রিয় করা ও মূকাভিনয় শিল্পী তৈরির লক্ষ্যে মাইম আর্ট ২০০৮ সাল থেকে নিরলসভাবে কাজ করছে। যার ফলে সারাদেশে আজ ছড়িয়ে-ছিটিয়ে পড়েছে মাইম। তবে নানা কারণে গত ৫-৬ বছর কোনো কর্মশালার আয়োজন করতে পারিনি। এ সময় তরুণ প্রজন্মের অনেকেই মাইম শেখার জন্য বিভিন্ন সময় যোগাযোগ করে। বাংলাদেশে নির্ভরযোগ্য মাইম প্রশিক্ষকের অভাবে মাইম আর্টের কর্মশালার প্রতি সবার প্রবল আস্থা। তাই আবার কর্মশালার আয়োজন করলাম। এখন থেকে নিয়মিত কর্মশালা চলবে।’