পঞ্জিকার হিসেবে আর তিন দিন পরেই শুরু হবে বর্ষাকাল। বিদায় নিচ্ছে টানা তাপপ্রবাহের ভোগান্তি। গত বৃহস্পতিবার কক্সবাজার দিয়ে প্রবেশ করা মৌসুমি বায়ু গতকাল শনিবার পর্যন্ত দেশের পূর্বভাগ ও মধ্যভাগে ছড়িয়ে পড়েছে। আগামীকাল সোমবারের মধ্যে দেশজুড়ে তা ছড়িয়ে পড়তে পারে। আর এর সঙ্গে বিদায় নেবে গ্রীষ্মের খরতাপের মৌসুম এবং সূচনা হবে বর্ষার।
বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ায় সারা দেশে সর্বোচ্চ তাপমাত্রা কমতে শুরু করে। এ মৌসুমে আর তাপপ্রবাহ দেখা দেওয়ার সম্ভাবনা তেমন একটা নেই বলে আবহাওয়াবিদদের ধারণা।
মৌসুমি বায়ুর প্রভাবে শুধু রাজশাহী বিভাগ ছাড়া প্রায় পুরো দেশেই গত ২৪ ঘণ্টায় ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, রংপুর, ময়মনসিংহ, সিলেট, শ্রীমঙ্গল, চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, কক্সবাজার, টেকনাফ, খুলনা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, বরিশাল ও ভোলায় কমবেশি বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি অব্যাহত থাকবে কি না জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের কামরুল ইসলাম গতকাল সন্ধ্যায় দেশ রূপান্তরকে বলেন, ‘মৌসুমি বায়ু দেশের মধ্যাঞ্চল পর্যন্ত চলে এসেছে। এখন বাকি এলাকায় ছড়িয়ে পড়লে পুরো দেশেই থেমে থেমে বৃষ্টি হবে। এখন আর একটানা তাপপ্রবাহ বয়ে যাওয়ার সুযোগ নেই। প্রায় সব এলাকায় কমবেশি বৃষ্টি হবে।’এবার কি বৃষ্টি বেশি হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এপ্রিল ও মে মাসে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হয়েছে। এ মাসেও বেশি নয়, স্বাভাবিক বা এর চেয়ে কম বৃষ্টি হতে পারে।’
আবহাওয়াবিদদের সঙ্গে কথা বলে জানা যায়, এপ্রিল ও মে মাসের পর জুনের প্রথম সপ্তাহে দেশে দক্ষিণ-পূর্ব দিক থেকে মৌসুমি বায়ু প্রবেশ করে। এই বায়ু সাগর থেকে আসার সময় প্রচুর জলীয় বাষ্প নিয়ে আসে এবং এর প্রভাবে জুন, জুলাই ও আগস্ট পর্যন্ত বৃষ্টি হয়ে থাকে। এ সময়টা বর্ষাকাল। এ সময় সাগরে কিছু লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টি হয়ে থাকে। এগুলো সাধারণত মৌসুমি ঝড় হিসেবেই বিবেচিত হয়ে থাকে। তবে মারাত্মক ঘূর্ণিঝড়ে রূপ নেয় না।
এবার জুনের প্রথম সপ্তাহের পরিবর্তে চার থেকে পাঁচ দিন বিলম্বে মৌসুমি বায়ু প্রবেশের বিষয়ে জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের ফোরকাস্টিং কর্মকর্তা কাজী জেবুন নেসা বলেন, ‘আরব সাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে। সেই ঘূর্ণিঝড়ের কারণে বঙ্গোপসাগর থেকে মৌসুমি বায়ু প্রবেশে একটু বিলম্ব হয়েছে এবং তাপপ্রবাহ দীর্ঘ হয়েছে।’
আবহাওয়া অধিদপ্তর পতেঙ্গা কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি পাল বলেন, ‘এখন দেশজুড়ে মৌসুমি বায়ু সক্রিয় হয়ে যাচ্ছে। তাই তাপমাত্রার পারদ আর বাড়তির দিকে থাকবে না। সারা দেশেই কমবেশি বৃষ্টি হবে।’