কুকুরের মুখ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনের রাস্তায় কুকুরের মুখ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ফুটপাতের কয়েকজন দোকানদার প্রথমে কুকুরের মুখে মরদেহটি দেখতে পায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠায়।

হাসপাতালটির জরুরি বিভাগের সামনের ফুটপাতে শরবত বিক্রেতা মো. সুমন জানান, তিনি হঠাৎ দেখেন, একটি কুকুর কামড়ে ধরে মুখে করে নবজাতকটির মরদেহ নিয়ে যাচ্ছে। তখন তারা কয়েকজন মিলে কুকুরের মুখ থেকে মরদেহটি উদ্ধার করেন। পরে থানায় খবর দেন।

এ বিষয়ে শাহবাগ থানার এসআই নুর আলম দেশ রূপান্তরকে জানান, বিকেলে হাসপাতাল থেকে খবর পেয়ে একটি ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। ছেলে নবজাতকটির বয়স আনুমানিক এক দিন।

তিনি জানান, নবজাতকটির দুই পায়ের হাঁটুর নিচের অংশ ও ডান হাতে কবজির অংশ পাওয়া যায়নি। ফুটপাতের দোকানদারদের কাছ থেকে জানা গেছে, একটি কুকুর মরদেহটি মুখে করে নিয়ে যাচ্ছিল। সম্ভবত কুকুরটি নবজাতকের হাত-পা খেয়ে ফেলেছে।