গাইবান্ধায় দেবপ্রিয় ভট্টাচার্য

শিক্ষাব্যবস্থার বাস্তবমুখী উন্নয়ন ঘটাতে হবে

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও নাগরিক প্ল্যাটফর্ম-এর আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘বাংলাদেশের উন্নতি করতে হলে, মানব সম্পদের উন্নয়ন করতে হবে। এ জন্য চলতি বাজেট অধিবেশনে শিক্ষা খাতে ব্যয় বাড়াতে হবে। এই ব্যয় বাড়াতে দল-মত নির্বিশেষে শিক্ষার ব্যাপারে আমরা সবাই একমত। শুধু সার্টিফিকেট অর্জনের জন্য শিক্ষা নয়। বাস্তবমুখী শিক্ষাব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে। যাতে শিক্ষা শেষে দেশ ও জাতি গঠনে অবদান রাখতে পারে। শিক্ষা বাজেটের শতকরা ২৫ ভাগ প্রাথমিক স্তরে ব্যয় করতে হবে।’

গতকাল শনিবার দুপুরে গাইবান্ধার রাধাকৃষ্ণপুর এসকেএস ইন মিলনায়তনে ‘প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা পরিস্থিতি, আমাদের করণীয়’ শীর্ষক এক সংলাপে দেবপ্রিয় ভট্টাচার্য এসব কথা বলেন। সেন্টার ফর পলিসি (সিপিডি) এর আয়োজনে ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তায় এসডিজি নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ এবং ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) সহযোগিতায় গাইবান্ধায় এ সংলাপটি অনুষ্ঠিত হয়।