তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতে তথ্য অধিকার আইন অনুযায়ী স্ব স্ব কর্তৃপক্ষকে স্বপ্রণোদিতভাবে তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছেন প্রধান তথ্য কমিশনার আবদুল মালেক। তিনি গত বৃহস্পতিবার হবিগঞ্জ জেলায় তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি ও জনঅবহিতকরণ সভা এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় জনঅবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।
বক্তব্যে প্রধান তথ্য কমিশনার বলেন, জনগণের তথ্য অধিকার প্রাপ্তির লক্ষ্যে বর্তমান সরকার ২০০৯ সালে তথ্য অধিকার আইন পাস করে। আইনটি জনবান্ধব। জনগণ আইনটি ব্যবহার করে তার প্রয়োজনীয় তথ্য বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে পেতে পারেন। বিশুদ্ধ ও সঠিক তথ্যের অবাধ প্রবাহের ওপর গুরুত্বারোপ করেন তিনি। ড. মালেক বলেন, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা হলে রাষ্ট্রযন্ত্রের সব স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে। বিজ্ঞপ্তি