জিএম কাদের বললেন

সবার অজান্তেই শ্রীলঙ্কা হয়ে গেছে বাংলাদেশ

সবার অজান্তে বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। তিনি বলেন, ‘আমরা আগেই বলেছিলাম, দেশ শ্রীলঙ্কার দিকে যাচ্ছে। সবার অজান্তেই এখন শ্রীলঙ্কা হয়ে গেছে। আমরা শ্রীলঙ্কাকে দেউলিয়া বলেছিলাম। এখন তো আমাদের অবস্থাও তাই।’ গতকাল শনিবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জি এম কাদের।

তিনি আরও বলেন, ‘বিদ্যুৎ নেই, জিনিসপত্রের দাম প্রতিদিন বাড়ছে। এখন শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশে পণ্যের দাম দ্বিগুণেরও বেশি। সবার আয় কমে গেছে। বাকিতে মালামাল কিনে সরকার দেশের মানুষের মাথায় বিশাল ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে।’

শ্রীলঙ্কা আর বাংলাদেশের পরিস্থিতির পার্থক্য তুলে ধরে জাপা চেয়ারম্যান বলেন, ‘শ্রীলঙ্কা আর আমাদের মধ্যে তফাত হচ্ছে, শ্রীলঙ্কার মানুষ দাবি আদায়ে রাস্তায় নেমেছে। কিন্তু বাংলাদেশের মানুষ রাস্তায় নামেনি, বিক্ষোভ করেনি।’

সম্মেলনে জাতীয় যুব সংহতির আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান এইচ এম শাহরিয়ার আসিফের সভাপতিত্বে এবং সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী শাহিনের পরিচালনায় পার্টির শীর্ষ নেতারা বক্তব্য দেন।