তুরস্কে রকেট কারখানায় বিস্ফোরণে নিহত ৫

তুরস্কের রাজধানী আঙ্কারায় একটি রকেট এবং বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত পাঁচ শ্রমিক নিহত হয়েছেন।

এক বিবৃতিতে শনিবার এ তথ্য নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে আল জাজিরা।

বিবৃতিতে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আঙ্কারা থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে এলমাদাগ এলাকায় অবস্থিত এমকেই রকেট ও বিস্ফোরক তৈরির কারখানায় এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ৫ শ্রমিক নিহত হয়েছেন। বিস্ফোরণের পরপরই সেখানে ফায়ার ফাইটার এবং অ্যাম্বুলেন্স পাঠানো হয়।

এরইমধ্যে ঘটনাটির বিচার বিভাগীয় ও প্রশাসনিক তদন্ত শুরু হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রকেট এবং বিস্ফোরক দ্রব্যের প্রয়োজন মেটায় এ কারখানা।

আঙ্কারার গভর্নর ভাসিফ শাহীন সাংবাদিকদের জানান, ধ্বংসস্তুপে আরও ৫জন আটকে পড়া শ্রমিককে উদ্ধার করা হয়েছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জানান, রাসায়নিক বিক্রিয়ার ফলে বিস্ফোরণটি ঘটেছে।

তুর্কি গণমাধ্যম বলছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।