সংলাপ নিয়ে চাপ দূরের কথা, প্রস্তাবনাও পাইনি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতিসংঘ বা কোনো বন্ধুরাষ্ট্র থেকে সংলাপের বিষয়ে প্রস্তাব দেওয়া হয়নি। পাশাপাশি নির্বাচনে জাতিসংঘকে যুক্ত করার কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেন তিনি। গতকাল রবিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ নিয়ে আলোচনা হচ্ছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো চাপ রয়েছে কি নাÑ এ প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি গত ৯ বছরে এ ধরনের কোনো বৈঠকে ছিলাম না বা আমাকে কেউ বলেনি। নির্বাচনকে সামনে রেখে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তাকে এ ধরনের (সংলাপে বসার) প্রস্তাবনা কেউ দেননি।’

এ প্রসঙ্গে শাহরিয়ার আলম আর‌ও বলেন, ‘নির্বাচনকালীন সরকারে বর্তমান সংবিধানের বাইরে অন্য কোনো কাঠামোর পরামর্শ কোনো বন্ধুরাষ্ট্র দেয়নি। রাজনৈতিক নেতৃবৃন্দ এটা নিয়ে (সংলাপ) কেন বলছেন আমার জানা নেই। কিন্তু কোনো রাষ্ট্র থেকে বা আন্তর্জাতিক সংস্থা থেকে এ বিষয়ে (সংলাপ) চাপ থাকা তো দূরের কথা, কোনো প্রস্তাবনাও পাইনি।’

সংসদ নির্বাচনে জাতিসংঘকে যুক্ত করার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘কোনো প্রয়োজন নেই। ব্যাপক সংঘর্ষের পরিস্থিতি হলে জাতিসংঘ সেখানে থাকে। যুদ্ধের মতো বা গৃহযুদ্ধের কোনো পরিস্থিতি হলে জাতিসংঘ সেখানে থাকে। বাংলাদেশের পরিস্থিতি অনেককাল আগে সেরকম ছিল।’

পাইলট প্রকল্পের অধীনে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিরোধিতা করার কোনো কারণ দেখছেন না বলে জানান শাহরিয়ার আলম। তিনি বলেন, ‘এটি একটি ট্রায়াল এবং এর মাধ্যমে খুব ছোট আকারে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য রোহিঙ্গাদের রাখাইনে পাঠানো হবে। সেখানে অস্বস্তিবোধ করলে তাদের ফিরিয়ে নিয়ে আসার সুযোগ রয়েছে।’

তিনি আর‌ও বলেন, ‘এটি একটি ট্রায়াল হচ্ছে এবং এটি বড় ধরনের কোনো প্রত্যাবাসন নয়। এটি যদি সফল না হয়, তাহলে আমরা তাদের ফেরত নিয়ে আসতে পারব। সে ক্ষেত্রে এটির বিরুদ্ধে যাওয়ার আমরা কোনো যুক্তি দেখি না।’

প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গারা স্বেচ্ছায় যাচ্ছেন। এটি দেখার জন্য জাতিসংঘের সঙ্গে যে প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে, সেটি বলবৎ আছে। তবে জাতিসংঘ শরণার্থী সংস্থার সার্টিফিকেট নিয়ে রোহিঙ্গাদের যেতে হবে এ ধরনের কোনো চুক্তি করা হয়নি। কিন্তু আমাদের প্রচেষ্টা সম্পর্কে তাদের জানানো হয়েছে।