মিথ্যা প্রতিবেদন প্রকাশের অভিযোগ

ক্ষতিপূরণ চেয়ে মতিউর রহমানকে উকিল নোটিস

মানহানিকর প্রতিবেদন প্রকাশের অভিযোগে দৈনিক প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান এবং সংশ্লিষ্ট প্রতিবেদক মোহাম্মদ মোস্তফাকে উকিল নোটিস পাঠানো হয়েছে। গত শনিবার এ নোটিস পাঠান নির্মাতা প্রতিষ্ঠান বোরাক রিয়াল এস্টেট লিমিটেড ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহা. নূর আলীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবু তালেব।

নোটিসটি পাওয়ার দুদিনের মধ্যে প্রথম আলোর অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে প্রতিবেদনটি অপসারণ এবং এক সপ্তাহের মধ্যে ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে ওই নোটিসে। এ ছাড়াও শর্তহীনভাবে লিখিত ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিসে উল্লেখ করা হয়েছে। ‘সরকারি জমিতে পাঁচ তারকা হোটেল’ শিরোনামে গত ১ জুন প্রথম আলোয় ওই প্রতিবেদনটি প্রকাশ হয়।

নোটিসে বলা হয়েছে, ‘প্রথম আলোতে প্রকাশিত “সরকারি জমিতে পাঁচ তারকা হোটেল” শীর্ষক সংবাদটি সম্পূর্ণ ভুল ও মিথ্যা তথ্যের ওপর নির্ভর করে রচিত। এটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত। দেশ-বিদেশে মোহা. নূর আলী ও তার প্রতিষ্ঠানের সুখ্যাতি বিনষ্ট করার অসৎ উদ্দেশ্যে প্রথম আলো এ সংবাদটি প্রকাশ করেছে।’