তেলের জাহাজে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে তেলের জাহাজের ইঞ্জিন রুমে বিস্ফোরণে দগ্ধদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম সোহেল (৩৮)। গতকাল রবিবার সকাল ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে গত মঙ্গলবার থেকে গতকাল রবিবার পর্যন্ত চারজনের মৃত্যু হলো।

গত ৩ জুন রাত ১টার দিকে রূপগঞ্জে গাজী ব্রিজসংলগ্ন দড়িকান্দি ডকইয়ারে ‘ওটি সাংহাই-এইট’ নামে জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আটজন দগ্ধ হন। এর মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। তারা হলেন সোহেল (৩৮), হুমায়ুন কবির (৫৪), রুবেল (৫৪) ও তাজুল ইসলাম লিমন (২০) ।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম জানান, জাহাজের আগুনের ঘটনায় আট রোগীকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছিল। তাদের মধ্যে তিনজনকে ওইদিনই প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি পাঁচজনকে ভর্তি রাখা হয়।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, গতকাল সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোহেল। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মিরপুর গ্রামে। রুবেলের বাড়ি ভোলার লালমোহন উপজেলার ফুলবাগিচা গ্রামে। হুমায়ুন সাভারের পলাশবাড়ীর বাসিন্দা।