ঢাকার সাভারের জোড়পুল তেঁতুলঝোড়ার শুভ টেলিকম নামে একটি ইলেকট্রনিকস দোকানে চুরি করতে গিয়ে আইয়ুব শিকদার নামে এক কর্মচারীকে খুনের ঘটনায় করা মামলায় আজিমউদ্দীন নামে এক আসামিকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত। দণ্ডের পাশাপাশি তাকে আরও ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
গতকাল রবিবার ঢাকার জেলা ও দায়রা জজ এএইচএম হাবিবুর রহমানের আদালত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আমিনুল ইসলাম সাজার এ তথ্য নিশ্চিত করেন।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, সাভারের জোড়পুল তেঁতুলঝোড়ার শুভ টেলিকম নামে একটি ইলেকট্রনিকস দোকানে কর্মচারী হিসেবে কাজ করত আইয়ুব শিকদার। ২০১৫ সালের ২৫ অক্টোবর সকালে লোকজন দেখতে পান মেঝেতে আইয়ুবের লাশ পড়ে আছে। শরীরে আঘাতের চিহ্ন। দোকান থেকে ৭৪ হাজার টাকার মালামাল খোয়া যায়। ওইদিনই আইয়ুবের বোন সোনিয়া সাভার মডেল থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা করেন।