জিএম কাদেরের বক্তব্যে সরকারি দলের এমপিদের ক্ষোভ

সংসদে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের কঠোর সমালোচনা করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্যরা (এমপি)। সরকারের সমালোচনা করে জিএম কাদেরের সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে তারা বলেন, বিএনপি সরকারের সমালোচনা করতে পারে। কিন্তু সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান কেন সরকারের সমালোচনা করছেন?

২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের ওপর গতকাল রবিবার সংসদে সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকারদলীয় এমপি মোস্তাফিজুর রহমান ফিজার বলেন, ‘আমি অবাক হয়ে গেলাম। বিরোধীদলীয় উপনেতা বললেন দেশ নাকি নীরবেই শ্রীলঙ্কা হয়ে গেছে। আমীর খসরু (বিএনপি নেতা) সে কথা বললে সহ্য হয়। এ কথা ফখরুল (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) বললে সহ্য হয়। জিএম কাদের সাহেব বললেন দেশ নাকি নীরবেই শ্রীলঙ্কা হয়ে গেছে। টের পাচ্ছে না কেউ। নীরবেই হয়ে গেছে। সশব্দে হওয়ার কথা। কিন্তু নীরবেই হয়ে গেছে। অর্থাৎ আমাদের অগ্রগতি নজরে পড়ে না। গণতন্ত্র নিয়ে সবক দিচ্ছে।’

 আওয়ামী লীগের এমপি শফিকুর রহমান বলেন, ‘আমরা এখানে যারা আছি সবাইকে বুকে হাত দিয়ে বলতে হবে আসলেই আমরা মূলধারার সঠিক রাজনীতি চাই কি না। নাকি এখানে এসে সুবিধা নিয়ে অন্যদিকে কথা বলি।’

তিনি আরও বলেন, ‘আমরা জানতাম বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে, বাংলাদেশ ফ্যাসিস্ট হয়ে গেছে। এরকম অনেক কিছু বলেন। তিনি বলেন সেটা আমরা বুঝি। কিন্তু জিএম কাদের সাহেব যে বললেন, সেটি আমরা বুঝি না। কারণ হচ্ছে তার দল শেখ হাসিনার কাছ থেকে সব সুযোগ-সুবিধা নিয়ে এ ধরনের অসত্য ভাষণ দেবেন সেটা তো আমরা বুঝি না। কারণ আল্লাহপাক কোরআন শরিফে বলেছেন, যত মোনাফেক আছে সবগুলো মিথ্যাবাদী। আমি ওনাকে মিথ্যাবাদী বলতে চাই না। তিনি হয়তো ভুল করেছেন, কারও কাছ থেকে ভুল শিক্ষা পেয়েছেন, কারও কাছ থেকে শুনেছেন।’