বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে সকাল ৮টা থেকে ১২৬টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। এখন পর্যন্ত কোন কেন্দ্রে বড় ধরনের বিশৃঙ্খলার সংবাদ পাওয়া না গেলেও কয়েকটি কেন্দ্রের সামনে নৌকা প্রতীকের সমর্থকদের স্লোগান ও মহড়া দিতে দেখা যায়।
নগরীর ৫ নম্বর ওয়ার্ডে আলহাজ্ব দলিল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সরেজমিনে এই চিত্র দেখা যায়।
অন্যদিকে নগরীর ৬, ৭, ১৭, ২১ নম্বর ওয়ার্ডের সরেজমিনে দেখা যায়, ভোটাররা সারিবদ্ধভাবে কড়া রোদের মধ্যে দাঁড়িয়ে আছে ভোট প্রদান করার জন্য। তবে এসব কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি দেখা গেছে বেশি।
তবে ভোট কেন্দ্রগুলোতে ইভিএমে অনেক ভোটারের আঙুলের ছাপ না মেলায় ভোট দিতে অনেকের বিলম্ব হচ্ছে অভিযোগ করেছেন ভোটাররা।
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন-আওয়ামী লীগের আবুল খায়ের আবদুল্লাহ (নৌকা), জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (হাতপাখা), জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু (গোলাপ ফুল), স্বতন্ত্র প্রার্থী মো. কামরুল আহসান (ঘড়ি), আসাদুজ্জামান (হাতি) ও আলী হোসেন (হরিণ)।
এবার বরিশাল সিটি নির্বাচনে ভোটার সংখ্যা দুই লাখ ৭৪ হাজার ৯৯৫ জন। সিটি নির্বাচনে এবার নারী ভোটার এক লাখ ৩৮ হাজার ৭১ জন এবং পুরুষ ভোটার এক লাখ ৩৬ হাজার ৯২৪ জন বলে জানিয়েছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চার হাজার ৪০০ জন সদস্য মোতায়েন করা হয়েছে। এরমধ্যে দুই হাজার ৩০০ জন পুলিশ। এছাড়া ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।